ইংল্যান্ডের চমক; বেলজিয়ামের দাপট

ইংল্যান্ড আর  বেলজিয়ামের ফুটবলারা
ফুটবল
এখন মাঠে
0

নেশনস লিগে এক রাতে বদলে গেল ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তির ভাগ্য। স্পেনকে ৩-২ গোলে হারিয়ে অপরাজিত সাম্রাজ্যে ধস নামাল ইংল্যান্ড। আর বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ ইতালির। নেশনস লিগে এক রাতে ইতিহাসের পতন, আর বিদায়ের করুণ গল্প।

ফুটবলে কখনো ৪৩ ম্যাচের অপরাজিত থাকার ইতিহাস ভাঙে, আবার কখনো মাত্র ১১ মিনিটেই ভেঙে পড়ে সব হিসাব।

মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই দাপট ইংল্যান্ডের। প্রথমার্ধে পেনাল্টি থেকে হ্যারি কেইনের গোল। বিরতির পর এসরি কনসা ও বেন হোয়াইটের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় থ্রি লায়ন্সরা। তবে লামিনে ইয়ামালকে ফাউল করে এলিয়ট অ্যান্ডারসনের লাল কার্ডে ম্যাচে ফেরে স্পেন।

ওইয়ারজাবালের পেনাল্টি গোল, এরপর নিকো উইলিয়ামসের গোলে জমে ওঠে লড়াই। কিন্তু জেমস ট্রাফোর্ডের দুর্দান্ত সেভে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় পায় ইংল্যান্ড। এই হার দিয়েই থামল স্পেনের টানা ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রা।

অন্যদিকে ব্রাসেলসে ইতালির দুঃস্বপ্নের শুরুটা হয় ১১ মিনিটে এগিয়ে যাওয়ার পরই। ১৫ থেকে ২৬ মাত্র ১১ মিনিটে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বেলজিয়াম। ম্যাক্সিম ডি কুইপার, নাথান এনগয়ে ও জেরেমি ডোকুর গোলে দিশেহারা হয় ইতালির ডিফেন্স। শেষ দিকে দিয়েগো মোরেইরার গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে বেলজিয়াম। মাঝে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয় ইতালি।

এদিকে এ গ্রুপের আরেক ম্যাচে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফরাসিরা। ১২ পয়েন্টে দ্বিতীয় বেলজিয়াম। আর ১০ পয়েন্ট নিয়ে নেশনস লিগ থেকে বিদায় নিলো ইতালি।

জেআর