লিওনেল মেসি নেই-এমন বাস্তবতায় মানিয়ে নেয়ার কঠিন পরীক্ষায় আর্জেন্টিনা জাতীয় দল। সাম্প্রতিক প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে হারের পর কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বড় জয়ে ঘুরে দাঁড়িয়েছে কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। আর এই জয়েই যেন মেসি-পরবর্তী নতুন যুগের আভাস মিলেছে আর্জেন্টিনা ফুটবলে।
মেসির অবসরের পর কে হবেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরসূরি-তা নিয়ে চলছে জোর আলোচনা। কোস্টারিকার বিপক্ষে জোড়া গোল করা নিকো পাজ এবং ফ্রাঙ্কো মাস্তান্তুওনো নতুন প্রজন্মের বড় ভরসা হিসেবে নিজেদের চেনাচ্ছেন। পাশাপাশি আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ এবং মাঝমাঠে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার আছেন আলোচনায়।
তবে আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি পাওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ইতালিয়ান ক্লাব কোমোতে খেলা নিকো পাজ। পরিসংখ্যানও কথা বলছে তার পক্ষে। আর্জেন্টিনার জার্সিতে শেষ পাঁচ ম্যাচে পাজ করেছেন ৫ গোল করিয়েছেন ১টি। কোমোর হয়ে চলতি মৌসুমে ৬ গোল আর ৮ অ্যাসিস্টও আছে তার। এছাড়া লিওনেল মেসির মা এরইমধ্যে পাজকে মেসির উত্তরসূরি হিসেবেও আখ্যা দিয়েছেন।
আরও পড়ুন:
এদিকে আর্জেন্টিনা দলে পরিবর্তনের মাঝেই মাঠের বাইরে বড় আলোচনায় লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর অনুযায়ী, অনুমতি ছাড়া বাণিজ্যিক প্রচারণায় নিজের নাম ও ছবি ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে এএফএ-কে আইনি নোটিশ দিয়েছেন মেসি।
মার্কিন বিয়ার ব্র্যান্ডের সঙ্গে মেসির একচেটিয়া বিজ্ঞাপনী চুক্তি থাকা সত্ত্বেও, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সম্মতিতে স্থানীয় একটি বিয়ার স্পন্সরের প্রচারণায় মেসির ছবি ব্যবহার করায় এই বিরোধের সূত্রপাত বলে জানা গেছে। এছাড়া মেসির বিদায়ী ম্যাচ আয়োজন ও ব্যবস্থাপনাগত নানা অসন্তোষ থেকে এএফএ শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব বেড়েছে এই বিশ্বকাপ জয়ী অধিনায়কের।
আর্জেন্টিনা দলে মেসির উত্তরসূরিদের হাত ধরে দল কতটা সাফল্য ধরে রাখতে পারে, আর মেসি-এএফএ দ্বন্দ্ব কোন দিকে গড়ায়-তা-ই এখন দেখার বিষয়।





