দ্য গানার্স আর স্কাই ব্লুজদের হতাশার রাতে বার্নাব্যুতে রিয়ালের গোল উৎসব

চ্যাম্পিয়নস লিগের ম্যাচ
ফুটবল
এখন মাঠে
0

জুড বেলিংহামের জাদুকরী ভলি, এমবাপ্পের জোড়া গোল আর ভিনিসিয়ুসের প্রত্যাবর্তনে বার্নাব্যুতে গোলের উৎসব করলো রিয়াল মাদ্রিদ। পিএসভিকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের আধিপত্য ধরে রাখল লস ব্লাঙ্কোসরা। তবে রাতের অন্য ম্যাচ গুলোতে হোঁচট খেয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।

ফুটবলে ঘুরে দাঁড়ানোর নাম যদি হয় রিয়াল মাদ্রিদ, তবে তার আরেকটি প্রমাণ মিলল সান্তিয়াগো বার্নাব্যুতে। প্রথমার্ধে যেখানে দিশেহারা লস ব্লাঙ্কোস, বিরতির পর সেখানেই প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে পেনাল্টি থেকে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় পিএসভি আইন্দহভেন। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। নিজেদের মাঠেই তখন চাপের মুখে রিয়াল।

কিন্তু বিরতির পর দৃশ্যপট পাল্টাতে তিনটি পরিবর্তন আনেন কোচ হোসে মরিনিও। মাঠে নামেন জুড বেলিংহামও। আর তাতেই যেন বদলে যায় রিয়ালের আক্রমণের গতি।

এরপর রিয়ালের গোল উৎসব। আরদা গুলেরের পাস থেকে এমবাপ্পের প্রথম গোল। পরে গোলকিপারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটিও আদায় করে নেন ফরাসি সুপারস্টার। আর শেষটা করেন ভিনিসিয়ুস জুনিয়র। আগস্টের পর রিয়ালের জার্সিতে প্রথম গোল করেন ব্রাজিলিয়ান তারকা।

পাঁচ ম্যাচে পাঁচ জয়। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের এমন শুরু এর আগে হয়েছে মাত্র তিনবার। ২০১১-১২, ২০১৪-১৫ ও ২০২৩-২৪ মৌসুমে। শেষবার শিরোপাও জিতেছিল তারা।

তবে একই রাতে স্বস্তিতে ছিলো না ইংলিশ ক্লাবগুলো। নাপোলির সঙ্গে ২-২ গোলে পয়েন্ট ভাগ করেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে ব্যর্থতার বৃত্তে বন্দী ম্যান সিটি চ্যাম্পিয়ন্স লিগেও পড়েছিলো হারের শঙ্কায়।

৫৫ মিনিটে হয়লুন নাপোলিকে এগিয়ে নেয়ার পর ৬৭ মিনিটে সমতা টানেন আয়ুব বুয়াদি। ৭৬ মিনিটে নোয়া লং নাপোলিকে ফের গোল করে ব্যবধান ২-১ করেন। তবে ৮৬ মিনিটে রায়ান শের্কির দুর্দান্ত গোলে হার এড়ায় সিটিজেনরা।

আরেক ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। ৫ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে গানাররা। তিন জয় ও ১ ড্র ইয়ে ১০ পয়েন্ট নিয়ে সাতে ডর্টমুন্ড।

জেআর