১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসছে ২০২৮ কোপা আমেরিকার আসর

কোপা আমেরিকা
ফুটবল
এখন মাঠে
0

২০২৮ সালের ৯ জুন শুরু হবে কোপা আমেরিকার পরবর্তী আসর। দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের অংশ নেবে দক্ষিণ আমেরিকার ১০টি দেশের পাশাপাশি উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ছয়টি দল। ১৬ দলের এই টুর্নামেন্টের আয়োজক যুক্তরাষ্ট্র।

গুঞ্জন ছিল কয়েকদিন ধরেই। অবশেষে অপেক্ষার অবসান। কোপা আমেরিকার পরবর্তী আসরের আয়োজক যুক্তরাষ্ট্র। ২০২৪ সালের পর টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করবে দেশটি।

চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টের সময়সীমাও। ২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ৪৯তম আসর। বিশ্বের অন্যতম প্রাচীন এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে মোট ১৬টি জাতীয় দল। দক্ষিণ আমেরিকার ১০ দেশের সঙ্গে ছয়টি দল আসবে কনকাকাফ অঞ্চল থেকে।

আরও পড়ুন:

কনকাকাফ অঞ্চলের ছয়টি দলের জায়গা নিশ্চিত হবে ২০২৭ সালের গোল্ড কাপের পারফরম্যান্সের ভিত্তিতে। এমনকি যুক্তরাষ্ট্রের মতো স্বাগতিক দেশকেও কনকাকাফের ছয়টি স্থানের একটি অর্জন করতে হবে। ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে গোল্ড কাপ।

টুর্নামেন্টের ফরম্যাট নিয়েও রয়েছে আগ্রহ। এর আগে ২০২৪ সালের আসরে ১৬ দলকে চারটি গ্রুপে ভাগ করে খেলা হয়েছিল। ২০২৮ আসরের চূড়ান্ত কাঠামো এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও আগের আসরের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনাই বেশি।

তবে পরপর দুইবার এমন আয়োজনের পর ফুটবল বিশ্লেষকদের মাঝে প্রশ্ন উঠেছে আয়োজনের ধারা নিয়েও। নামে কনমেবল বা দক্ষিণ আমেরিকার ফুটবল আসর হলেও আপাতত তা পরিণত হয়েছে দুই মহাদেশের মিলিত আয়োজনে। দক্ষিণ আমেরিকার নিজস্ব ফুটবলীয় সংস্কৃতির বাইরে এমন আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানকার ফুটবল সংশ্লিষ্টরাও। তবে নিজেদের ব্যবসায়িক স্বার্থেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।

এসএস