গুঞ্জনের মাঝেই সরকার-বিসিবি দ্বন্দ্বহীন পথচলার প্রত্যাশা পরিচালকদের

বিসিবি পরিচালক
অন্য সব খেলা
এখন মাঠে
0

দায়িত্ব পেয়েই বিসিবির নির্বাচন প্রক্রিয়া নিয়ে সরব নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বর্তমান বোর্ড সামনের দিনগুলোতে কাজ চালিয়ে যেতে পারবে কি না তা নিয়েও আছে প্রশ্ন। তবে বাইরের সব গুঞ্জন একপাশে রেখে সরকার ও বিসিবি দ্বন্দ্ব ছাড়াই এগিয়ে যাবে এমনই প্রত্যাশা পরিচালকদের।

সংসদ নির্বাচনের আগেই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সরব হয়েছিল বর্তমান ক্রিকেট বোর্ড আর নির্বাচন প্রক্রিয়া নিয়ে। গুঞ্জন আছে, সরকার পরিবর্তনে বদলে যেতে পারে ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটিও। নতুন সরকারের শপথ নেয়ার পরই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারকে সময় দিতে উড়াল দিয়েছেন অস্ট্রেলিয়ায়। আর সেটাই গুঞ্জনের মাত্রা বাড়িয়েছে অনেকখানি।

তবে বিসিবি পরিচালকরা আশা প্রকাশ করেন, সব গুঞ্জন কেটে যাবে সহসাই। পূর্বের মানসিকতা থেকে সরে আসবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, এমনই প্রত্যাশা সবার

বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে ফেডারেশনগুলো আছে। আমাদের সঙ্গে সব সময় ফেডারেশনের সঙ্গে যেকোনো ফেডারেশনের সঙ্গে মন্ত্রণালয়ের সুসম্পর্ক বজায় ছিলো এবং থাকবে।’

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম বলেন, ‘উনি আগে বলেছেন এখন মনে হয় ওই একই কথা বলেননি। কারণ সরকারে থাকার আগের এবং সরকারে থাকার পরের কথায় অবশ্যই ভিন্নতা থাকে। উনি আগে যেভাবে বলেছেন এখন নিশ্চয় সেভাবে বলছেন না। আমি জানি না উনি কীভাবে বলবেন।’

আরও পড়ুন:

বিসিবি পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘উনি যখন ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন না, সে সময়ের স্টেটমেন্ট আর এ সময়ের স্টেটমেন্টের মধ্যে ফারাক থাকবে। এখন উনি অনেক বিষয় চিন্তা করবেন।’

নবনির্বাচিত সরকারের সঙ্গে ইতিবাচক সম্পর্ক তৈরির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বিসিবির পরিচালকরা।

ফারুক আহমেদ আরও বলেন, ‘এটি শুধু ক্রিকেট না। বাংলাদেশ স্পোর্টস এজ এ হোল, সব গেমস সব জায়গায় উনি নজর দিবেন; এটি আমার ওনার থেকে আশা।’

এম নাজমুল ইসলাম বলেন, ‘আমরা একটি বোর্ড আমরা আমাদের নর্মস অনুযায়ী চলবো। সরকার বিবেচনা করবে কীভাবে কী চালাতে হবে। আমরা আমের আগের মতোই চলছি।’

আগামী সোমবার সব ক্রীড়া ফেডারেশনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী। সেখান থেকেই ইতিবাচক বার্তা আসবে বলে প্রত্যাশা ক্রিকেট বোর্ডের।

এফএস