অ্যাডহক কমিটি গঠনের ৩ সপ্তাহ পেরোলেও স্থবির সুইমিং ফেডারেশন

জাতীয় ক্রীড়া পরিষদ
অন্য সব খেলা
এখন মাঠে
1

জাতীয় ক্রীড়া পরিষদের দেয়া নতুন অ্যাডহক কমিটির বয়স প্রায় এক মাস। অথচ এখনও দায়িত্বই বুঝে পায়নি বাংলাদেশ সুইমিং ফেডারেশন নতুন কমিটি। এর জন্য অবশ্য বিদায়ী কমিটির কর্মকর্তাদের বিদেশ সফরকে দায়ী করছেন বর্তমানরা। পুরনো কমিটির ভাষ্য, পরিস্থিতির শিকার তারা। আর যারা এই কমিটি নির্বাচন করেছে সেই জাতীয় ক্রীড়া পরিষদের ধারণাই নেই জটিলতার বিষয়ে।

গেল ১৮ জুলাই পুরনো কমিটি ভেঙে ২৭টি ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন কমিটির অধীনে নবউদ্যমে কাজ শুরু করে ফেডারেশনগুলো। নির্বাহী সভাসহ আসন্ন প্রতিযোগিতার পরিকল্পনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তারা।

তবে ঠিক উল্টো চিত্র বাংলাদেশ সুইমিং ফেডারেশনে। সুইমিংপুলের নীলাভ জল স্থির, শূন্য গ্যালারি। ফেডারেশন কার্যালয়েও নেই কর্মকর্তাদের দৌড়ঝাঁপ কিংবা কর্মব্যস্ততা। কারণ নতুন কমিটি ঘোষণা করার তিন সপ্তাহ পেরোলেও, এখনও দায়িত্বই বুঝে পাননি তারা। কারণ কি? এমন প্রশ্নে আগের কমিটির ঘাড়ে দোষ চাপালেন নতুন কমিটির এই সদস্য।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য লায়লা নুর বলেন, গত কমিটি কি খরচ করেছে, কি বাজেট করেছে, কত অবশিষ্ট আছে—এইটাই যদি আমরা না জানতে পারি, তাহলে তো আমরা আসলে দায়িত্ব, এটাকে দায়িত্ব বলে না। তাছাড়া আরও একটা ব্যাপার আছে, সেটা হলো সাইনিং অথরিটি। আমাদের টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। কারণ ইউজুয়ালি একটা অর্গানাইজেশনের ট্রেজারার, মানে আমাদের যেটা হয়েছে—ট্রেজারার এবং সেক্রেটারি নিজেরা সাইন করে তারপরে টাকা উঠাতে পারে। ঠিক আছে? সেই অথরিটিতেও উনারা পাননি।

যদিও সদ্য সাবেক হওয়া কমিটির সাধারণ সম্পাদক অভিযোগ মানতে রাজি নন। বরং কমনওয়েলথ গেমসের ব্যস্ততাসহ অন্য কর্মকর্তাদের অনুপস্থিতির কথা তুলে ধরেন তিনি।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বলেন, আমি দায়িত্ব দেয়ার জন্য কিন্তু রেডি ছিলাম। কারণ আমার তো কোনো প্রবলেম ছিল না। ছিল না ট্রেজারার সাহেব, তারপরে নেভাল চিফ প্রেসিডেন্ট আমাদের, উনিও চলে গেছেন রিটায়ারমেন্টে। তো নতুন চিফকে আবার গ্যাজেট আকারে সভাপতি না বানানো পর্যন্ত কিন্তু আপনি হ্যান্ডওভার করতে পারতেছেন না। উনি আসার পরে উনি সভাপতি হবেন, তারপরে উনি যেই ডেট দিবেন নির্বাহী কমিটির মিটিংয়ের, সেই মিটিংয়ে যেয়ে আমরা হ্যান্ডওভার করবো।

নতুন এড হক কমিটি গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচনের জন্য সময় বেঁধে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। অথচ এখনও দায়িত্বই বুঝে নিতে পারেনি নতুন কমিটি। আর এই জটিলতার বিষয়ে কিছুই জানে না এনএসসি। যেন কমিটি ঘোষণা করেই দায় সেরেছে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা!

এনএসসি ক্রীড়া পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী বলেন, না, আমি যতটুক জানি সাঁতার ফেডারেশন দায়িত্ব বুঝে নিয়েছে। এখানে অলরেডি জেনারেল সেক্রেটারির সাথে আমার কথা হয়েছে। সো উনার যেহেতু এটা নৌবাহিনী প্রধান হচ্ছেন আপনার সভাপতির দায়িত্বে আছেন, সো উনাদের অলরেডি আলোচনা হয়েছে।

বিদায়ী কমিটির অসহযোগিতা বা অন্য কোন জটিলতা- যাই হোক না কেন, শীঘ্রই এর অবসান চান ক্রীড়াব্যক্তিত্বরা।

ইএ