জুডোতে সাফল্যের লক্ষ্যে দীর্ঘমেয়াদি ক্যাম্প; উজবেকিস্তানে যাচ্ছেন অন্তত ৮ খেলোয়াড়

জুডো প্রতিযোগিতায় ম্যাটে প্রতিদ্বন্দ্বিতায় ব্যস্ত দুই খেলোয়াড়
অন্য সব খেলা
এখন মাঠে
0

সাউথ এশিয়ান গেমসে জুডো থেকে সেরা সাফল্যের প্রত্যাশা বাংলাদেশের। সেই লক্ষ্য সামনে রেখে সেরা প্রস্তুতি নিতে চায় ফেডারেশন। জানুয়ারি থেকে শুরু হবে ক্যাম্প। এসএ গেমসের আগে উজবেকিস্তানে পাঠানো হবে অন্তত আটজন জুডোকাকে।

ধীরে ধীরে হলেও দেশে জনপ্রিয় হয়ে উঠছে জুডো। বিভিন্ন গেমসে অংশগ্রহণ করে নিয়মিত পদক আনছেন জুডোকারা। আসন্ন সাউথ এশিয়ান গেমসেও পদক আনতে চান খেলোয়াড়রা।
সাউথ এশিয়ান গেমস সামনে রেখে জানুয়ারি থেকেই শুরু হবে বিশেষ ক্যাম্প। এপ্রিলে আরেকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় দল পাঠানোর পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এছাড়া গেমসের আগে অন্তত আটজন জুডোকাকে পাঠানো হবে উজবেকিস্তানে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক নয়না চৌধুরী বলেন, ‘জানুয়ারির ১ তারিখ থেকে আমাদের সাউথ এশিয়ান গেমস যেটা হবে পাকিস্তানে, সেটার জন্যে আসলে আমাদের নির্দেশনাও আছে আর আমাদেরও টার্গেট আছে যে আমরা সেটার জন্যে ক্যাম্পিং শুরু করে দেবো। ওটা আবাসিক ক্যাম্পিং হবে। মিনিমাম আটটা প্লেয়ার সাউথ এশিয়ান গেমসের আগে আমরা উজবেকিস্তানে পাঠিয়ে দিতে চাই। যাতে তারা ওখানে উচ্চতর ট্রেনিং নিয়ে ওখান থেকেই পাকিস্তানে খেলতে যেতে পারে।’

তবে প্রতিযোগিতার মাত্র তিন মাস আগে ক্যাম্প করে প্রত্যাশিত সাফল্য পাওয়া কঠিন বলেই মনে করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক নয়না চৌধুরী। ভালো ফল আনতে এনএসসির নির্দেশনায় দীর্ঘমেয়াদী ক্যাম্পের পথেই হাঁটছে জুডো ফেডারেশন।

বয়স ভিত্তিক পর্যায় থেকেই আন্তর্জাতিক সাফল্যের ভিত গড়তে চায় জুডো ফেডারেশন। আর তাই নতুন প্রতিভা খুঁজে বের করতে ডিসেম্বরেই জুনিয়র জুডোকাদের নিয়ে আয়োজিত হবে আরেকটি প্রতিযোগিতা।

এএম