এদিকে রোববার সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। কুয়াশা না থাকলেও ঠাণ্ডা বাতাসের কারণে সকালবেলা শীত অনুভূত হচ্ছে বেশি। জীবিকার তাগিদে এই ঠাণ্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন দিনমজুর, কৃষক ও শ্রমজীবী মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিলো ৯৯ শতাংশ। এর আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় সূর্যের তাপে শীতের অনুভূতি কিছুটা কম থাকে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকেই ঠাণ্ডা বাড়তে থাকে। রাত ও ভোরে হিমেল বাতাসে বেশি শীত লাগে। কুয়াশা না থাকলেও ঠাণ্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি বাড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিলো ৯৯ শতাংশ।’





