বিশ্বজয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে ব্রাজিল; পেলো ‘ওয়াটার স্যালুট’ অভ্যর্থনা

বিমানবন্দরে সেলেসাওদের বহনকারী বিমানকে দেয়া হয় ‘ওয়াটার স্যালুট’
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
2

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে দলকে স্বাগত জানায় মনোমুগ্ধকর রংধনু। বিমান থেকে নেমে বিশেষ বাসে করে ক্যাম্পে যান খেলোয়াড়রা। উত্তর আমেরিকার সবচেয়ে আধুনিক ফুটবল ট্রেনিং সেন্টারে ঘাঁটি স্থাপন করেছে সেলেসাওরা। সেখানেই চলবে তাদের পূর্ণ প্রস্তুতি।

ব্রাজিলের লোগোযুক্ত সাদা আর নেভী ব্লু রঙের বিমানটি নিউ জার্সির নিওয়ার্ক বিমানবন্দরে পৌঁছামাত্রই পায় ওয়াটার স্যালুট। বিশেষ এই সম্মাননা দেয়ার সময় ঠিক ওপরেই দেখা যাচ্ছিল রংধনু। যেন সেলসাওদের নিজের সব রঙ নিয়েই বরণ করে নিচ্ছিলো বিশ্বকাপ।

দলের খেলোয়াড়দের সঙ্গে নিয়ে বিমান থেকে নেমেছেন কার্লো আনচেলত্তি |ছবি: সংগৃহীত

কার্লো আনচেলত্তির অধীনে বেশ শক্তিশালী স্কোয়াড নিয়েই আসন্ন ফিফা বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে ব্রাজিল। নেইমার, রাফিনহাদের, ভিনিসিয়াসদের নিয়ে সাজানো সেলেসাও আক্রমণভাগ টুর্নামেন্টের অন্যতম সেরা। মিডফিল্ডে কিছু প্রশ্ন থাকলেও সবাই নিজেকে প্রমাণ করেছেন। রক্ষণ আর পোস্টের নিচেও আছে ভরসার সব নাম।

বিমান থেকে নেমে টিম বাসের দিকে হেঁটে যাওয়ার মুহূর্তে ক্যামেরাবন্দি নেইমার |ছবি: সংগৃহীত

ব্রাজিলের টিম বাস |ছবি: সংগৃহীত

আরও পড়ুন:

বিমান থেকে নেমে বিশেষ বাসে করে সরাসরি ক্যাম্পে চলে যান ব্রাজিলের খেলোয়াড়রা। মার্কিন মুলকে সাম্বা ঝড় তুলতে সেলেসাওরা হেডকোয়ার্টার বানিয়েছে মরিস টাউনশিপের ‘কলম্বিয়া পার্ক ট্রেনিং ও পারফরম্যান্স সেন্টার’কে, যা উত্তর আমেরিকার সবচেয়ে আধুনিক ফুটবল ট্রেনিং সেন্টার। এখানে আন্তর্জাতিক মানের ফুটবল মাঠই আছে আটটি।

কলম্বিয়া পার্ক ট্রেনিং অ্যান্ড পারফরম্যান্স সেন্টার |ছবি: সংগৃহীত

খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে আরও নিখুঁত তথ্য পেতে এ ক্যাম্পে রয়েছে মাল্টি-অ্যাঙ্গেল ক্যামেরা ট্র্যাকিং সিস্টেম। আধুনিক জিমের সাথে আছে প্রাকৃতিক ঘাস ও টার্ফ সুবিধাও। বিশ্বমানের সুবিধার সাহায্যে এখান থেকেই হেক্সা জয়ের প্রস্তুতি নেবেন নেইমার-ক্যাসেমিরোরা।

আগামী ৭ জুন ওহিওর হান্টিংটন ব্যাংক ফিল্ড স্টেডিয়ামে বিশ্বকাপকে সামনে রেখে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এসএইচ