কী দিয়ে তৈরি ‘গোল্ডেন বুট-বল-গ্লাভস’?

গোল্ডেন গ্লাভস, গোল্ডেন বুট ও গোল্ডেন বল
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন ট্রফির মতোই আলোচনায় থাকে ব্যক্তিগত তিনটি পুরস্কার— গোল্ডেন বল, গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভস। নামের শুরুতে গোল্ডেন থাকলেও এই পুরস্কারগুলো কি সত্যিই খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি? নাকি শুধু নামেই?

বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ফুটবলপ্রেমীর আবেগ। দলগত শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে চ্যাম্পিয়ন দলকে দেয়া হয় বিশ্বকাপ ট্রফি। তেমনই বিশ্বকাপে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে দেয়া হয় তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার। সেগুলো হলো— গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস। অনেকের ধারণা, ট্রফিগুলো খাঁটি সোনা দিয়ে তৈরি। তবে বাস্তবে বিষয়টি ভিন্ন।

বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে দেয়া হয় গোল্ডেন বল। ট্রফিটির নকশায় মূল আকর্ষণ সোনালী রঙের একটি ফুটবল। এটি মূলত একটি ধাতব ট্রফি, যার বাইরের অংশে সোনালি আবরণ বা গোল্ড প্লেটিং ব্যবহার করা হয়। অর্থাৎ এটি খাঁটি স্বর্ণের তৈরি নয়। বরং গোল্ডেন বল তৈরিতে ব্যবহৃত হয় ব্রোঞ্জ, পিতল বা অন্যান্য ধাতুর সংমিশ্রণ। এরপর সেটিকে গোল্ড প্লেটিং দিয়ে আকর্ষণীয় করা হয়।

আরও পড়ুন:

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে দেয়া হয় গোল্ডেন বুট। গোল্ডেন বলের মতো এটিও পুরোপুরি স্বর্ণ দিয়ে তৈরি নয়। একটি ফুটবল বুটের আদলে তৈরি এই ট্রফিটি সাধারণত ব্রোঞ্জ বা অন্য ধাতুর ওপর সোনালি প্রলেপ দিয়ে বানানো হয়।

অভিন্ন গল্প বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভসের ক্ষেত্রেও। গোলকিপারের গ্লাভসের আদলে নির্মিত ট্রফিটির মূল উপাদান তামা ও রেজিন। বাকি দুই পুরস্কারের মতো এটিতেও বাইরের অংশে গোল্ড প্লেটিং করা হয়।

তিন বিভাগে বিশ্বকাপের সেরা ফুটবলাররা এই তিনটি ট্রফি পেলেও আলাদাভাবে কোনো আর্থিক পুরস্কার দেয়া হয় না। অবশ্য এমন পুরস্কার পাওয়ার পর সেই ফুটবলারের বাজারমূল্য এমনিতেই বেড়ে যায়। আর সবকিছুর বাইরে পাওয়া যায় বিশেষ সম্মান, যা কোনো অর্থমূল্য দিয়ে পরিমাপ করা সম্ভব নয়।

এসএইচ