বিশ্বকাপের ফাইনালে প্রথমবার মাঠে নামছে শীর্ষ দুই র‌্যাঙ্কিংয়ের দল

ইয়ামাল ও মেসি
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছে বিশ্ব ফুটবলের শীর্ষ দুই র‌্যাঙ্কিংয়ের দল। আপাতত শীর্ষে থাকলেও কিছুটা ব্যাকফুটে থেকেই ফাইনালে মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। সাম্প্রতিক ফর্ম, বিশ্বকাপের অতীত সবই আপাতত ইঙ্গিত দিচ্ছে স্পেনের শিরোপার দিকে।

বিশ্বকাপ জিততে হলে কি করতে হয়, সেটা বর্তমান আর্জেন্টাইন স্কোয়াডের অনেকেরই জানা। ৪ বছর আগেই কাতারে আরব্য রজনীর এক মহাকাব্যিক রাতে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল টিম আর্জেন্টিনা। সেই দলেরই অনেকে ২০২৬ সালেও মাঠে নামতে যাচ্ছেন আরেকটি বিশ্বকাপ ফাইনালে। তবে, এবারের দলটার সামনে চ্যালেঞ্জ অনেকটাই বেশি। ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন বর্তমান সময়েরই অন্যতম সেরা দল।

লা রোহাদের শক্ত মিডফিল্ড পার্থক্য গড়ে দিতে পারে এই ম্যাচে। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বল টাচ, সফল পাস এবং বল ক্যারি করেছেন স্পেন অধিনায়ক রদ্রি। সেই সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ ২২ ট্যাকেল এবং ফাইনাল থার্ডে প্রতিপক্ষের ১৮৭ পাস ঠেকিয়ে স্পেনকে এনেছেন ফাইনাল পর্যন্ত। এছাড়া বিশ্বকাপে ফাইনাল থার্ডে সবচেয়ে বেশি পাস দেয়া রদ্রি এবং সিনিয়ার ক্যারিয়ারে অপরাজিত ফ্যাবিয়ান রুইজ আছেন তাদের দলে। সেই সঙ্গে সুপার সাব মিকেল মেরিনো বেঞ্চ থেকে নেমে বদলাতে পারেন ম্যাচের ভাগ্য।

আর্জেন্টিনাকে লড়তে স্পেনের জমাট রক্ষণের বিপক্ষেও। এক বিশ্বকাপে ৬ ক্লিনশিটের রেকর্ড আছে লা রোহাদের। সবচেয়ে বেশি সময় ধরে গোল হজম না করার কীর্তি গড়েছিলেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। স্প্যানিশ রক্ষণ দুর্গে আর্জেন্টিনার আঘাত করাও খুব একটা সহজ হচ্ছে না।

আর্জেন্টিনার বিপক্ষে অতীত ইতিহাসও। ১৯৯২ সালে র‌্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পর থেকে কখনোই শীর্ষে থাকা দল বিশ্বকাপ শিরোপা পায়নি। কেবল ১৯৯৮ সালে ব্রাজিল শীর্ষে থেকে বিশ্বকাপে রানারআপ হতে পেরেছিল। সেই সঙ্গে টানা দুই বিশ্বকাপ জয়ের পথে এর আগে ব্যর্থ হয়েছিল ৪টি দল। স্পেনের পাশাপাশি এবার তাই আর্জেন্টিনার সামনে টপকাতে হবে অতীত ইতিহাসের বাধা।

ইএ