আজ (শনিবার, ২১ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে মাচালংয়ের ১৪ কিলো নামক এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা কোনো কথা বলতে চাননি।
ওই এলাকায় টহলে থাকা সেনাবাহিনীর একটি টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীরা। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এসময় টিকতে না পেরে পিছু হটে সন্ত্রাসীরা। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে ১৪ কিলো নামক এলাকায় সেনাবাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলি হয়েছে। অল্প সময়, ১০-১২ রাউন্ড গোলাগুলি হয়েছে দুই পক্ষে। তবে হতাহতের কোনো সংবাদ নাই।’
জেএসএস সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিয়ন্ত্রণ হারিয়ে সাজেক থেকে জেএসএস সন্ত্রাসীদের সরিয়ে নেয়াসহ ৫ দফা দাবিতে দুই সংগঠনের ব্যানারে গেল ১১ অক্টোবর থেকে চার দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ পালন করছে ইউপিডিএফ। এর মধ্যেই আজ সাজেকে সেনাবাহিনীর টহল দলের ওপর নতুন করে সশস্ত্র হামলা চালালো সন্তু লারমার জেএসএস সন্ত্রাসীরা।
সর্বগ্রাসী এই অবরোধে নিরাপত্তা সংকটের পাশাপাশি প্রভাব ফেলছে পর্যটনসহ সাধারণ মানুষের জীবন-জীবিকা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে। দৈনিক এক কোটি টাকা ক্ষতির শিকার হচ্ছেন পর্যটকশূন্য সাজেকের ব্যবসায়ীরা।





