ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
এখন জনপদে
0

পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে পেয়ারা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার পাকশী ইপিজেড এলাকায় রিপন হোসেনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পেয়ারা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোটজামবাড়ীয়া গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে। সংসার জীবনে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পেয়ারা বেগমের স্বামী হাফিজুর রহমার ঈশ্বরদী ইপিজেড এলাকায় দিন মজুরির কাজ করেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী হাফিজুর রহমার পলাতক রয়েছেন।

আরও পড়ুন:

বাড়ির মালিক রিপন হোসেন জানান, প্রায় এক মাস পূর্বে হাফিজুর রহমার বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরে মাঝেমধ্যে তাদের মধ্যে ঝগড়া হতো।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য ও পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় ইউডি মামলা প্রক্রিয়াধীন।’

এসএস