মৌলভীবাজারে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত

মৌলভীবাজার
মৌলভীবাজারে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া
এখন জনপদে
0

মৌলভীবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার,৯ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্টেডিয়ামে এ মহড়াটি অনুষ্ঠিত হয়।

মহড়ায় ভোটকেন্দ্রে স্বাভাবিক কার্যক্রম চলাকালে দুর্বৃত্তদের অনুপ্রবেশ, ভোটগ্রহণে বাধা প্রদান, ব্যালট বাক্স ছিনতাই এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির দৃশ্য প্রদর্শন করা হয়। একই সঙ্গে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম তুলে ধরা হয়।

এসময় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সদস্যের বডিওর্ন ক্যামেরার মাধ্যমে কন্ট্রোলরুমে লাইভ বার্তা পাঠানো, কন্ট্রোল রুমের নির্দেশে মোবাইল টিম ও স্ট্রাইকিং টিমের দ্রুত উপস্থিতি এবং সেনাবাহিনী, বিজিবি, র‍্যাবসহ অন্যান্য বাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া প্রদর্শিত হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় লাঠিচার্জ, গ্যাসগান ও সাউন্ড গ্রেনেডের প্রয়োগও মহড়ায় তুলে ধরা হয়।

আরও পড়ুন:

জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিলাল হোসেন বলেন, ‘নির্বাচনে সব বাহিনীর সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো নাশকতামূলক পরিস্থিতি দ্রুত মোকাবেলার বিষয়টি দেখানো ছিল এ মহড়ার মূল উদ্দেশ্য।’

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে মৌলভীবাজারে ৪টি সংসদীয় আসনে ৫৫৪টি কেন্দ্রের মধ্যে ৮০টি অধিক গুরুত্বপূর্ণ, ১৪৩টি গুরুত্বপূর্ণ ও সাধারণ ৩৩১টি কেন্দ্রে মোট ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে, থাকবে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার বাহিনীসহ বিভিন্ন সংস্থা।

এসময় অনুষ্ঠিত মহড়ায় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিলাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ সাব্বির সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনসহ সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেআর