অনলাইন পোর্টাল ও আইপি টিভিগুলোকে নীতিমালার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
এখন জনপদে
0

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, তিনি মন্ত্রণালয়ে বসে বুঝেছেন গত ১৭ বছর কীভাবে মন্ত্রণালয় চলেছে। যে যেভাবে পেড়েছে যায় সেভাবে অনিয়ম ও দুর্নীতি করেছে বলে জানান তিনি। এছাড়া কোনো নিয়মনীতির তোয়াক্কাও করা হয়নি। এখন থেকে সবই নিয়মের ওপর চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) দুপুরে তিন দিনের সরকারি সফরে নিজ এলাকা ময়মনসিংহের নান্দাইলে এসে স্থানীয় প্রেসক্লাব পরিদর্শন করার সময় তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমালার আওতায় আনা হবে। একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন তাদেরকে সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করতে চায় না। কারণ স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র বিকাশের জন্য অপরিহার্য।’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নান্দাইলে আসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নান্দাইলে এটি তার প্রথম সফর। নান্দাইলে পৌঁছালে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে পুলিশের একটি চৌকষ দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। সেখানে উপস্থিত ছিলেন নান্দাইলের ইউএনও ফাতেমা জান্নাত।

আরও পড়ুন:

এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পরে তিনি চৌরাস্তায় অবস্থিত নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন করেন। সম্মিলিত সাংবাদিক সমাজ, নান্দাইল ও গফরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে প্রেসক্লাব মিলনায়তনে স্বাগত জানানো হয়।

সেখানে তিনি বক্তব্য প্রদানের সময় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ ও কল্যাণ তহবিল থেকে নীতিমালা অনুযায়ী সহায়তা প্রদানের আশ্বাস দেন।

পরে তিনি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নানা পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। সভা শেষে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

এসএস