সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ২১ জনের মৃত্যু

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে কোস্টগার্ডের জাহাজ থেকে নেমে নিবন্ধনের জন্য লাইনে দাঁড়িয়েছেন অভিবাসীরা
বিদেশে এখন
0

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী একটি ছোট নৌকাডুবিতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মন্ত্রণালয় জানায়, শনিবার গভীর রাত পর্যন্ত হতাহতের এই সংখ্যা ছিল ‘সাময়িক’। এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী ডাকার ও উত্তরাঞ্চলীয় সাঁ-লুই শহরের মাঝামাঝি কেবেমের বিভাগের লুম্পুল বালিয়াড়ির অদূরে শনিবার কাঠের তৈরি ছোট নৌকাটি উল্টে যায়। দেশটির দৈনিক পত্রিকা লে সোলেইল জানিয়েছে, নিহত ব্যক্তিদের অধিকাংশই ওই বিভাগের লেওনা ও থিয়েপ্পে এলাকার বাসিন্দা।

অভিবাসী অধিকারবিষয়ক বেসরকারি সংস্থা ওয়াকিং বর্ডার্শের তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকা থেকে উত্তাল আটলান্টিক পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টাকালে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এই বিপজ্জনক পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩৫ জন।

এদিকে সাগরপথে একের পর এক অভিবাসীবাহী নৌকার আগমন আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় শনিবার ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনের হিসাব অনুযায়ী, চলতি নভেম্বর মাসের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনেরও বেশি অভিবাসী ওই দ্বীপে পৌঁছেছেন।

এএম