মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা, আরও শক্তিশালী হয়ে ফেরার অঙ্গীকার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির নজিরবিহীন ভরাডুবিকে দেশটির ‘ইতিহাসে বড় ধরনের উল্টোযাত্রা’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বড় এই পরাজয়ের পরও আগের চেয়ে ‘আরও বড় ও শক্তিশালী’ হয়ে ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প এ প্রত্যয় জানান। আশারক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে বিরোধী ডেমোক্র্যাটরা। এতে কয়েক দশক ধরে রিপাবলিকানদের আধিপত্য থাকা অঙ্গরাজ্যগুলোতেও দলটিকে বড় ধরনের ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়তে হয়েছে।

নির্বাচনের ফলাফলের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘সর্বশেষ নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে আমেরিকা ইতিহাসে এক বিশাল উল্টোযাত্রার সম্মুখীন হয়েছে।’ তিনি দাবি করেন, তার মেয়াদে শেয়ারবাজারে যে প্রবৃদ্ধি হয়েছিল, এই ভোটের পর তাতে বড় ধরনের লোকসান দেখা দিয়েছে। সমর্থকদের আশ্বস্ত করে ট্রাম্প আরও লেখেন, ‘তবে ভয় পাওয়ার কিছু নেই, আমরা আগের যেকোনো সময়ের চেয়ে আরও বড় এবং শক্তিশালী হয়ে ফিরে আসব!’

কংগ্রেসের উভয় কক্ষে দলের এমন বিপর্যয়ে রিপাবলিকান আইনপ্রণেতারা যখন দিশেহারা, তখন ট্রাম্প উল্টো আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। রাজনৈতিক লড়াই জোরদার করতে গত শুক্রবার তিনি নিজের কট্টর উপদেষ্টা স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন।

অন্যদিকে ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনকে কড়া জবাবদিহির মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির মূল রূপকার স্টিফেন মিলারের বিরুদ্ধে ‘প্রতি পদক্ষেপে’ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তারা।

এএম