গণমাধ্যমের বিকাশ ও স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: ময়মনসিংহে তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
দেশে এখন
এখন জনপদে
0

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যমের বিকাশে কাজ করবে সরকার। গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বাঁধা ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করবে সরকার।

আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ আয়োজিত সাংবাদিকদের সন্তানদের শিক্ষা বৃত্তির চেক হস্তান্তর, ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। আপনারা যদি স্বাধীনভাবে কাজ করতে পারেন শুধু গণমাধ্যম নয় বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে।’

তিনি বলেন, ‘একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি। এখানে গণমাধ্যম যেভাবে সহযোগিতা করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং গণমাধ্যমের যে অবদান তা ভোলার নয়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালো বলবে আমরা সেটাই দেখতে চাই, জনগণও সেটা চায়। আজকে সরকারে আছি ভবিষ্যতে যদি সরকারে নাও থাকি তবুও সাদাকে সাদা, কালোকে কালো এই ধারা যেনো অব্যাহত থাকে সেদিকে আমাদের নজর দিতে হবে।’

ময়মনসিংহের জেলা প্রশাসক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জেলা সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

এএইচ