শেরপুরে সিএনজিতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৪

দুর্ঘটনাগ্রস্ত সিএনজি অটোরিকশার পাশে স্থানীয়দের ভিড়
এখন জনপদে
0

শেরপুরের নকলায় সিএনজিচালিত অটোরিকশাতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ আহত হয়েছেন আরও চার জন।

আজ (সোমবার, ১৬ মার্চ) দুপুরে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা কুর্শা বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিফ হোসেন (১২) জামালপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকার পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নজরুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দি থানায় কর্মরত। তার স্ত্রী ও সন্তানরা সিএনজি অটোরিকশায় করে ময়মনসিংহ থেকে জামালপুর যাচ্ছিলেন। পথে কুর্শা বাইপাস মোড়ে ঢাকাগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজিফ মারা যায়।

আরও পড়ুন:

এ দুর্ঘটনায় নজরুলের স্ত্রী সুমা আক্তার, দুই সন্তান নাহিদ ও নওশিন এবং অটোরিকশা চালক গুরুতর আহত হন। আহতদের মধ্যে সুমা আক্তার ও নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দু’জনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ