নোয়াখালীতে নিখোঁজের দু’দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

নোয়াখালী
ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার
এখন জনপদে
0

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. সোহেল রানা (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ২৯ মার্চ) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের অফিসের পাশের ডোবা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সোহেল রানা হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের বাসিন্দা অলি উদ্দিনের ছেলে। ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের বাবা অলি উদ্দিন অভিযোগ করে জানান, গত শুক্রবার (২৭ মার্চ) সকালে তার ছেলে ইটভাটায় কাজে যাননি। বিকেলে তাকে জোরপূর্বক ইটভাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন তার মামা কামাল ও সাইফুল মাঝির ভাই আলতাব। এসময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর সন্ধ্যার পর থেকেই সোহেল রানা নিখোঁজ ছিলেন।

আরও পড়ুন:

তিনি আরও জানান, নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

সকালে ইটভাটার অফিসের পাশের ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয় শ্রমিকরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশটি সোহেল রানার বলে শনাক্ত করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

জেআর