আজ (শুক্রবার, ৩ এপ্রিল) বিকেলে কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। আপনাদের হাতেই তৈরি হয় ভবিষ্যতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডিসি কিংবা ইউএনও। কিন্তু গত ১০-২০ বছরে শিক্ষক সমাজের একটি অংশ সরাসরি দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়েছে—যা অত্যন্ত দুঃখজনক।’
তিনি বলেন, ‘আমি অনেক শিক্ষককে রাজনৈতিক সমাবেশে গিয়ে বক্তব্য দিতে ও স্লোগান দিতে দেখেছি। দয়া করে এ প্রবণতা থেকে বেরিয়ে আসুন। শিক্ষকদের কাজ কোনো রাজনৈতিক দলের পেছনে দাঁড়িয়ে স্লোগান দেওয়া নয়; বরং শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা।’
আরও পড়ুন:
শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আগে অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকলেও শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করতেন। এখন আধুনিক ভবন নির্মিত হলেও সেই আন্তরিক মানসিকতা বজায় রাখা জরুরি।’ তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
উন্নয়ন কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর এরইমধ্যে প্রায় ২৪-২৫টি স্কুলের সামনে ব্রিজ নির্মাণ করা হয়েছে।’ শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোনো সমস্যার সমাধান চাইলে তা দাপ্তরিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে উপস্থাপন করতে হবে।’
কলমাকান্দার সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ অঞ্চলে বিভিন্ন ধর্ম ও নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে এবং এটি একটি পিছিয়ে পড়া এলাকা। দুর্গাপুরে চালু থাকা ‘‘স্কুল ফিডিং’ কর্মসূচি কলমাকান্দায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।’
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কলমাকান্দা শাখার আহ্বায়ক মো. এমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক রাজা হান্নান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলাম।
এছাড়াও শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিউলী চন্দ, বনানী জাম্বিল, মিনহাজ বেগম ও শফিকুল ইসলামসহ আরও অনেকে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকারের এ স্পষ্ট বার্তা উপস্থিত মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।





