ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে সংঘর্ষের আশঙ্কা, ১৪৪ ধারা জারি

ময়মনসিংহ
১৪৪ ধারা জারি ও পুলিশ মোতায়েন
এখন জনপদে
0

ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পৃথক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) তারাকান্দা বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় একই সময় ও স্থানে বিএনপির দুই গ্রুপ বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়।

এ পরিস্থিতিতে সংঘর্ষ, জননিরাপত্তা বিঘ্ন এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে প্রতিবেদন দেয়া হয়। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম ১৪৪ ধারা জারি করেন।

জারিকৃত আদেশে বলা হয়, রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তারাকান্দা বাসস্ট্যান্ডসহ আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্র যেমন দা, হাঁসুয়া, লাঠিসোঁটা বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় পাঁচজন বা তার বেশি লোকের একত্রে অবস্থান বা চলাফেরাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:

আদেশে আরও উল্লেখ করা হয়, ১৪৪ ধারার নির্দেশনা অমান্য করলে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

তারাকাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর আহমেদ বলেন, ‘১৪৪ ধারা জারি করায় বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং আদেশ কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এএইচ