কলারোয়ায় এক বাড়ির তিন জায়গায় ঝুলিয়ে রাখা ‘বোমা সদৃশ’ বস্তু, এলাকায় আতঙ্ক

সাতক্ষীরা
‘বোমা সদৃশ’ বস্তু
এখন জনপদে
0

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামে একটি বাড়ির গেট, রান্নাঘরের দরজা ও উঠানে ঝুলিয়ে রাখা তিনটি ‘বোমা সদৃশ বস্তু’ ঘিরে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) ভোরে উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের পশ্চিমপাড়ায় মৃত আব্দুর রাজ্জাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, রাতের আঁধারে কে বা কারা বাড়ির বিভিন্ন স্থানে এসব বোমা সদৃশ বস্তু বেঁধে রেখে যায়।

সকালে বাড়ির সদস্য ও আশপাশের লোকজন বস্তুগুলো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনে তিনটা সন্দেহজনক বস্তু ঝুলছে। আমরা ভয় পেয়ে যাই, কেউ কাছে যাইনি।’

আরও পড়ুন:

পরিবারের সদস্যরাও জানান, রাতে তারা কোনো কিছু টের পাননি। সকালে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘প্রাথমিকভাবে বস্তুগুলোকে হাতবোমা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এবং পুরো বাড়ি ঘিরে রাখা হয়েছে। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

পুলিশ আরও জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

এসএস