নেত্রকোণায় নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
এখন জনপদে
0

নেত্রকোণার কলমাকান্দায় নিখোঁজের দুদিন পর ছয় বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ৬ মে) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাগলা এলাকার সনুড়া জসিউড়া গ্রামের একটি পরিত্যক্ত ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুটি ওই গ্রামের আশাদ মিয়ার মেয়ে। গত সোমবার (৪ মে) বিকেল থেকে সে নিখোঁজ ছিল। স্থানীয়রা জানান, আজ বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ধানক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদঘাটনে ইতিমধ্যে পুলিশের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।’

এদিকে শিশুটির এমন রহস্যজনক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা, তা দ্রুত উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এএইচ