বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড; ফায়ারের ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

বান্দরবান
বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড; পুড়ে যাওয়া দোকান-বসতঘর
এখন জনপদে
0

বান্দরবানের বাঘমারা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এ আগুন। তবে এ অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে গেছে বলে জানা যায়।

গতকাল (শনিবার, ১৭ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয় মসজিদের মাইকের মাধ্যমে বিষয়টি বলা হলে তাৎক্ষনিক লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু অধিকাংশ দোকান ও বসতঘরে দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:

ঘটনার খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাজারের অর্ধশতাধিক দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে বহু ব্যবসায়ী তাদের দোকানের মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে দুর্গমতার কারণে আমাদের কিছুটা বেগ পেতে হয়।’

তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমান জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় বাঘমারা বাজারটি।

এসএইচ