কোচ নিয়োগ নিয়ে সাবেক ফুটবলারদের মিশ্র প্রতিক্রিয়া

বাফুফে ভবন
ফুটবল
এখন মাঠে
0

কোচ নিয়োগে কালক্ষেপণ নিয়ে সাবেক ফুটবলারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি মনে করেন, সময় নেয়ায় ভালো-মন্দ দুটোই হতে পারে। তবে সাবেক অধিনায়ক শেখ আসলাম এ বিষয়টিকে ব্যাখ্যা করেছেন বাফুফের অপেশাদার আচরণ হিসেবে।

নতুন কোচ নিয়োগ নিয়ে তুমুল আলোচনা চলছে ফুটবল অঙ্গনে। এরিমধ্যে নিয়োগ প্রক্রিয়া দুই দফা পিছিয়েছে। যা নিয়ে অসন্তুষ্ট ফুটবল সংশ্লিষ্টরা।

বাফুফের তরফ থেকে শুক্রবার জানানো হয়, দুই-একদিনের মধ্যেই নতুন কোচের নাম প্রকাশ করা হবে। কিন্তু সময়ক্ষেপণে শর্টলিস্টে থাকা কোচরা হারাচ্ছেন আগ্রহ। রোজারিও মিকেল সরে যাওয়ার পর ক্রিস কোলম্যানকে পাওয়া নিয়েও তৈরি হয়েছে জটিলতা।

কোচ নিয়োগ দিতে বিলম্বের ভাল-মন্দের দু’দিক নিয়েই কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি।

সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, ‘একজন কোচ নিয়োগ দিতে গেলে কিন্তু আসলে অনেক ব্যারিকেড থাকে। সো, সেই ব্যারিকেডগুলি ফুলফিল করতে গেলে কিছুটা সময় লাগবে। যেটা টু বি অনেস্ট। তো সেইখান থেকে আমি বলবো যে, সে সময়টা হয়তো তারা নিচ্ছে। আমার কাছে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে, আপনি এই অ্যাসাইনমেন্টগুলি ধরতে গিয়ে ভালো কোচকে আপনার হাতছাড়া করেন না। আবার এর ভেতর থেকেও আপনি আবার বেশি সময় নিতে গিয়েও যেন ওই কোচের আবার অন্য কোথাও এঙ্গেজমেন্ট না হয়ে যায়, সেটাও একটা দেখার বিষয়।’

সামনে ইউরোপের দল সানমেরিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ। রয়েছে সাফের আসরও। সময় বেশি না থাকায় আগেভাগেই কোচ নিয়োগ দেয়া দরকার বলে মনে করেন সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম। দীর্ঘ সময় হাতে পেয়েও নতুন কোচ নিয়োগ দিতে না পারা বাফুফের অপেশাদারিত্ব বলেও মন্তব্য তার।

সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম বলেন, ‘একটু চ্যালেঞ্জিং তো অবশ্যই হবে। কারণ তাকে যত বেশি সময় দেওয়া যেত, ডেফিনেটলি তার ভেতরে যে গুণাবলী ছিল সেটা হয়তো আমাদের প্লেয়ারদের ভিতরে ট্রান্সপ্লান্ট করতে পারত। কিন্তু এই জায়গাটা আমাদের খামতি, যে আমাদের যারা কোচিং স্টাফের জন্যে যে কমিটিটা করে দেয়া হয়েছে, তারা অতিসত্বর এটার ডিসিশন নেয়া উচিত। পেশাদারিত্ব থাকলে উইদিন এ ডেজ আপনারা এটা সিলেক্ট করে ফেলতে পারতেন।’

রোববার কোচ নিয়োগ ইস্যুতে অর্থ মন্ত্রণালয়ের দ্বারস্থ হবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিমন্ত্রীর মাধ্যমে কোচের বেতনের একটা অংশের নিশ্চয়তা চায় বাফুফে। সাড়া মিললে সামর্থ্যের মধ্যে সেরা কোচ নিয়োগ সম্ভব বলে মনে করে বাফুফে।

ইএ