সাতক্ষীরায় কালবৈশাখির তাণ্ডব: গাছ চাপায় শিশুর মৃত্যু, লণ্ডভণ্ড ঘরবাড়ি

সাতক্ষীরা
ঝড়ে লণ্ডভণ্ড একটি বাড়ির ছবি
এখন জনপদে
0

সাতক্ষীরার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের প্রভাবে শ্যামনগরে গাছ চাপায় শারমিন (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু এবং উপকূলীয় গাবুরা ইউনিয়নে অসংখ্য কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।

আজ (শুক্রবার, ২৯ মে) বিকেলে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে ঘরবাড়ির চাল উড়ে গিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছে নিম্নআয়ের মানুষ, যার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন।

নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে আকস্মিক কালবৈশাখি ঝড় শুরু হয়। ওই সময় বাড়ির পাশে খেলছিলো শিশু শারমিন। ঝড়ের তীব্র বাতাসে একটি বড় তালগাছ ভেঙে সরাসরি তার ওপর পড়ে। এতে সে গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শারমিন ঈশ্বরীপুর গ্রামের আব্দুর রউফের মেয়ে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু শারমিনের মৃত্যু হয়েছিলো। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

এদিকে ঝড়ের সবচেয়ে বড় আঘাত এসেছে জেলার উপকূলীয় অঞ্চল গাবুরা ইউনিয়নে। গাবুরার ৯ নম্বর সোরা এলাকায় ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি নিম্নআয়ের পরিবারের ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের তীব্রতায় মুহূর্তের মধ্যে আশরাফুল নামের এক ব্যক্তির বসতঘরের ছয় থেকে সাতটি টিনের চালা উড়ে গিয়ে ভেঙে পড়ে। একই এলাকার মোকছেদ গাজীর ঘরের দুই পাটের মধ্যে এক পাটের চাল সম্পূর্ণ উড়ে ছিঁড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত আশরাফুল আক্ষেপ করে বলেন, ‘ঝড় শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘরের টিন উড়ে যায়। এখন পরিবার নিয়ে খুব কষ্টে থাকতে হবে। নিজের টাকায় ঘর মেরামত করার সামর্থ্য আমার নেই।’

একই সুর শোনা গেল মোকছেদ গাজীর কণ্ঠেও। তিনি বলেন, ‘ঝড়ে ঘরের চাল ভেঙে গেছে। সামনে আবার বৃষ্টি হলে ঘরে থাকার মতো কোনো অবস্থা থাকবে না। আমাদের দ্রুত সরকারি সহায়তার দরকার।’

এদিকে ক্ষয়ক্ষতির বিষয়ে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। দ্রুতই তাদের প্রয়োজনীয় সরকারি সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

এসএইচ