সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সীমান্ত
এখন জনপদে
1

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। আজ (বুধবার, ৩ জুন) ভোররাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং একই গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মহিউদ্দিন ও শাহীন অবৈধ উপায়ে ভারতে যান। পরবর্তীতে কলকাতার হাওড়া হয়ে তারা ভারতের তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আজ ভোররাতে তারা একইভাবে অবৈধ পথে দেশে ফেরার চেষ্টা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বসন্তপুর সীমান্তসংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাত সোয়া ৩টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা মন্তব্য পাওয়া যায়নি।

এনএইচ