প্যারোলে বাবার জানাজায় হাজতি ছেলে, পরে ফের কারাগারে

মানিকগঞ্জ
প্যারোলে বাবার জানাজায় হাজতি ছেলে
এখন জনপদে
0

বাবার মৃত্যুতে শেষ বিদায় জানাতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন মানিকগঞ্জ জেলা কারাগারে থাকা হাজতি মো. কামরুল ইসলাম (৩০)। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তিনি নিজ গ্রামে এসে বাবার জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণ করেন। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় মানিকগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেয়া হয়।

আজ (সোমবার, ৮ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি দেয়া হয় সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ববাস্তা গ্রামের বাসিন্দা কামরুল ইসলামকে। তিনি সিংগাইর থানার মামলা নং-১৭(০৮)২০২৪-এর একজন হাজতি আসামি হিসেবে মানিকগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) রাতে কামরুল ইসলামের বাবা মো. আবুল কালাম (৬০) বার্ধক্যজনিত কারণে মারা যান। বাবার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে জানাজায় অংশগ্রহণের জন্য আবেদন করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় তাকে সাময়িকভাবে প্যারোলে মুক্তির অনুমতি দেয়।

আরও পড়ুন:

সোমবার সকালে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সিংগাইর থানা পুলিশের সমন্বয়ে ২৪ সদস্যের একটি দল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কামরুল ইসলামকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে। পরে তিনি ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাবার জানাজার নামাজে অংশ নেন এবং স্বজনদের সঙ্গে শেষবারের মতো বাবাকে বিদায় জানান।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পুনরায় পুলিশি প্রহরায় মানিকগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেয়া হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মানবেন্দ্র বালো বলেন, ‘বাবার মৃত্যুর কারণে হাজতি কামরুল ইসলামকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়েছিল।’

জেলা গোয়েন্দা শাখা ও সিংগাইর থানা পুলিশের যৌথ তত্ত্বাবধানে তিনি জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন। নির্ধারিত সময় শেষে তাকে নিরাপদে পুনরায় মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এসএস