ঈশ্বরগঞ্জের কাঁচামাটিয়া নদীতে পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহ
কাঁচামাটিয়া নদীতে পরিচ্ছন্নতা অভিযান
এখন জনপদে
1

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁচামাটিয়া নদী একসময় ছিল খরস্রোতা। অতীতে এ নদীকে কেন্দ্র করেই স্থানীয় হাট-বাজার ও জনপদ গড়ে উঠেছিল এবং নৌপথে ধান, পাটসহ বিভিন্ন পণ্য পরিবহণের জমজমাট ব্যবসা চলতো। কিন্তু কালের পরিক্রমায় দূষণ ও দখলে নাব্যতা হারিয়েছে কাঁচামাটিয়া নদীটি। বিভিন্ন সময় উপজেলার বাসিন্দারা কাঁচামাটিয়া নদী থেকে কচুরিপানা অপসারণ, পরিচ্ছন্নতা ও নাব্য ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছিলেন। এরই প্রেক্ষিতে কাঁচামাটিয়া নদীর কচুরিপানা অপসারণ ও পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

আজ (শুক্রবার, ১২ জুন ) বিকালে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ইসলামপুর রোডের কাঁচামাটিয়া নদীর পাড়ে অনুষ্ঠিত কাঁচামাটিয়া নদী থেকে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সানজিদা রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম মনি, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, শাহজাহান জয়পুরী, শরিফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব মো. নূরে আলম জিকুসহ প্রমুখ।

অনুষ্ঠানে সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ‘কাঁচামাটিয়া নদী অনেক আবেগের নাম। এ নদীর সাথে ঈশ্বরগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য মিশে আছে। বিভিন্ন কারণে নদীটি নাব্যতা হারিয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রজেক্টের মাধ্যমে প্রথমে কাঁচামাটিয়ার কচুরিপানা অপসারণ করা হবে। পরবর্তীতে একটি বড় প্রজেক্টের মাধ্যমে কাঁচামাটিয়া খনন করে নদীর প্রবাহ ফিরিয়ে আনা হবে। এতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন।’

কাঁচামাটিয়া নদী থেকে কচুরিপানা অপসারণ কর্মসূচির সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও সানজিদা রহমান বলেন, ‘ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা ভাবে কাঁচামাটিয়া সুরক্ষায় কচুরিপানা পরিষ্কারের দাবি জানিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে এমপি মহোদয়ের সঙ্গে পরামর্শ করে নদী থেকে কচুরিপানা পরিষ্কারের উদ্যোগটি নিয়েছে উপজেলা প্রশাসন। আমরা আশা করি কাঁচামাটিয়া সুরক্ষায় এ উদ্যোগ একটু হলেও ভূমিকা রাখবে। এতে ঈশ্বরগঞ্জের সাধারণ মানুষ উপকৃত হবেন।’

এএইচ