নরসিংদীতে আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষ, নিহত ১

নরসিংদী সদর হাসপাতাল
এখন জনপদে
0

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ জন, আহত হয়েছেন ৫ জন। আজ (মঙ্গলবার, ১৬ জুন) সকালে উপজেলার নিলক্ষা এলাকার হরিপুর - দড়িগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম অনিক মিয়া (২০)। তিনি উপজেলার নীলক্ষ্যা গ্রামের ওসমান মিয়ার ছেলে এবং নাজিমউদ্দিন গ্রুপের সদস্য। এছাড়া, আহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জেরে দীর্ঘদিন ধরে হরিপুর- দরিগাও এলাকার আলাল গ্রুপ এলাকার বাইরে ছিলো। আজ সকালে আলাল গ্রুপ পুনরায় এলাকায় প্রবেশের চেষ্টা করলে তাদের বিরোধী পক্ষ নাজিমুদ্দিন গ্রুপ বাধা দেয়। এতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময়, গুলি, দেশিয় অস্ত্র ও ট্যাটার আঘাতে অন্তত পাঁচজন আহত হয়।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, ‘সংঘর্ষ চলাকালে অনিক মিয়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজু ও মোস্তফা কামাল নামে আরও দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত প্রায় ১০০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।’

ওসি মজিবুর রহমান আরও বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেআর