কাঁচা বাঁশে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত স্কুল শিক্ষিকা

প্রতীকী ছবি (এআই জেনারেটেড)
এখন জনপদে
0

রাঙামাটির নানিয়াচরে কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে শতাব্দী চাকমা (৫০) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২০ জুন) সকালে তাকে গুরুতর আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শতাব্দী চাকমা নানিয়াচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা। তার পিতা মৃত রবীচন্দ্র চাকমা এবং মাতা মৃত লক্ষীদেবী চাকমা।

নিহতের স্বজনরা জানান, আজ সকালে কর্মস্থলে যাওয়ার পথে শতাব্দী চাকমা সিএনজি অটোরিকশার জন্য নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় অপেক্ষা করছিলেন।

এসময় সড়কের পাশে একটি জাম গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন তিনি। কিন্তু কাঁচা বাঁশ ব্যবহার করায় অসাবধানতাবশত বাঁশটি বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

আরও পড়ুন:

এসময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন জানান, ঘটনাস্থল যেহেতু নানিয়ারচর উপজেলা, তাই এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এসএইচ