ফরিদপুরে ডাকাতি; নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

ফরিদপুরে ডাকাতি
এখন জনপদে
0

ফরিদপুরের মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ এসেছে। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। গতকাল (রোববার, ২১ জুন) রাতে মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী খাইরুল ইসলাম মোল্লা (৫৪) জানান, গতকাল রাত আনুমানিক দেড়টার দিকে ঘরের দরজায় শব্দ পান তিনি ও তার স্ত্রী। দরজার কাছে গেলে ১৩ থেকে ১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।

ভুক্তভোগীর ভাষ্য, ‘ডাকাতরা প্রথমে ছেলে মাহিকে হাত-পা বেঁধে ফেলে। পরে আমার ও স্ত্রীকেও অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। একপর্যায়ে ডাকাতরা ঘরে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার এবং নতুন কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।’

আরও পড়ুন:

ঘটনার খবর পেয়ে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর তন্ময় মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ‘ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’

এফএস