চারিদিকে সোনালী রঙের নতুন আমন ধানের মৌ মৌ ঘ্রাণ। বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। অবারিত প্রান্তরে শস্যের দোলা হাসি ফোটায় কৃষকের মুখে। উত্তরের জেলা নওগাঁর মাঠে মাঠে আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় কৃষক।
কৃষকের এই কর্মযজ্ঞে নীরব সঙ্গী হয়েছে প্রকৃতির আরেক উপাদান। ধান কাটার সঙ্গে সঙ্গেই কৃষকের পেছনে ঝাঁক বেঁধে জমিতে নামছে শালিক পাখির দল। সদ্য কাটা ধানের গোড়ায় লুকিয়ে থাকা পোকামাকড় আর ঝরে পড়া ধানের দানাই এখন তাদের প্রধান আহার। কৃষক আর পাখির এই মিতালি যেন আবহমান বাংলার এক চিরচেনা রূপ।
নতুন ফসল ঘরে তুলতে আনন্দের বদলে মলিন মুখ কৃষকদের। উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় সরকার বেঁধে দেয়া ৩৫ টাকা কেজি দামেও ক্ষোভ জানিয়েছেন তারা। গত বছরের তুলনায় এবছর সার-কীটনাশক ও শ্রমিকের দাম বেড়ে যাওয়ায় প্রতি বিঘায় খরচ বেড়েছে দুই থেকে তিন হাজার টাকা। এছাড়া অনাবৃষ্টিতে বেড়েছে সেচ খরচও। কৃষকরা জানান, বর্তমানে ধানের যে দাম এতে করে তাদের খরচ হচ্ছে অনেক টাকা। ফলে তারা লোকসানের মুখে।
খাদ্য গুদামে সরকার ধান সংগ্রহ করলেও সিন্ডিকেটের কারণে অনেক কৃষকই ধান দিতে পারে না। বাধ্য হয়ে খোলা বাজারে ধান বিক্রি করতে হয়। সারের দাম অনুযায়ী ধান দাম নেই বলেও জানান কৃষকরা।
এদিকে সরকারের বেঁধে দেয়া ধান-চালের দাম নিয়ে দ্বিমত পোষণ করেছেন চালকল মালিকরা। আগামীতে ধান-চালের দাম সমন্বয় করার দাবী তাদের। আধুনিকতা গ্রাস করছে গ্রামবাংলার ঐতিহ্য নবান্নকে। নতুন ধানের চালের তৈরি হরেক রকম পিঠা-পুলি আত্মীয়-স্বজনকে নিমন্ত্রণ করে খাওয়ানোর মতো সামাজিক প্রথা আজ বিলুপ্তির পথে।
সামাজিক সংগঠন নওগাঁ একুশে পরিষদের উপদেষ্টা নাইস পারভীন বলেন, আগে আমাদের দেশে একটি মাত্র ফসল উৎপাদন হতো। আর বর্তমানে তিন থেকে চার বার ফসল উৎপাদন করা হচ্ছে। ফলে আর আগের মতো উৎসবের আমেজ থাকে না।’
আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর জেলায় আমন ধানের ফলন ভাল হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে বলে জানান এ কর্মকর্তা।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনজুর রহমান বলেন, ‘আমাদের এলাকার কৃষকরা ধান কাটা শুরু করেছে। আশা করি এখান থেকে আমরা ৬ লাখ মেট্রিকটন চাল উৎপাদন হবে।’
নওগাঁয় এ বছর ১ লাখ ৯৬ হাজার ১৩০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। যা থেকে প্রায় ৯ লাখ ৫০ হাজার টনের বেশি ধান উৎপাদনের আশা।





