শেরপুরে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

উদ্ধার হওয়া মরদেহ
এখন জনপদে
0

শেরপুর সদরে বটগাছের নিচে ধানক্ষেত থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ৩ জুলাই) দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত ওই ব্যক্তির নাম মো. কাজল মিয়া (৪৪)। সে শেরপুর সদরের চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (শুক্রবার, ৩ জুলাই) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন মুসল্লি রাস্তার পাশের একটি বটগাছের নিচে ধানক্ষেতে মরদেহটি দেখতে পান।

আরও পড়ুন:

এরপর তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থল গিয়ে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। একইসঙ্গে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। এরইমধ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। যেহেতু এটি একটি হত্যাকাণ্ড তাই ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য উদঘাটন সহজ হবে।’

এসএস