ঝিনাইদহে ভারতীয় মাদক-ইনজেকশনসহ গ্রেপ্তার ৪​

ঝিনাইদহ
মাদক-ইনজেকশনসহ গ্রেপ্তার চার ব্যক্তি
অপরাধ
এখন জনপদে
0

​ঝিনাইদহের মহেশপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফেনসিডিল সাদৃশ্য এসকাফ সিরাপ ও ইনজেকশনসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক, তিনটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়। তবে অভিযানের সময় আরও দুই আসামি কৌশলে পালিয়ে যায়।

গতকাল (সোমবার, ১৩ জুলাই) রাতে মহেশপুর থানার দত্তনগর পুলিশ ক্যাম্পের একটি দল শ্যামকুড় ইউনিয়নের তালসার গ্রামে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দত্তনগর পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর (এসআই) মো. আবু হান্নানের নেতৃত্বে একটি দল গতকাল রাতে অভিযান পরিচালনা করে। এসময় তালসার গ্রামের বাসিন্দা ইশরাফিল হোসেনের বাড়িতে কয়েকজন মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ও ভারতীয় ইনজেকশন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যর ভিত্তিতে অভিযান চালায়।

আরও পড়ুন:

খবর পেয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের নির্দেশে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন; ইশরাফিল হোসেন (৪৬), আশিকুর (২১) ছাদিকুল রহমান (১৬) বাবুল হোসেন (৩৬)।

তবে এ সময় ইকবাল হোসেন (৩৬) ও রানা (৩০) নামের অপর দুই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৪৪ বোতল সিরাপ, ৫০০ পিস ভারতীয় ইনজেকশন যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা।

মামলার বাদী এসআই মো. আবু হান্নান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে এ মাদক ও ইনজেকশন দেশে এনে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। পলাতক আসামিরা এই চক্রের অর্থ জোগানদাতা ও মূল পৃষ্ঠপোষক হিসেবে কাজ করত।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মহেশপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এফএস