এসময় এনসিপি নেতা সারজিস আলম বলেন, ‘বিএনপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের সহায়তায় কক্সবাজারে ছাত্রলীগের বড় মিটিং হয়েছে। নিষিদ্ধ সংগঠন ফিরিয়ে আনার চেষ্টা হলে সরকারকে টেনেহিঁচড়ে নামানো হবে।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মুখে মিষ্টি কথা বলবেন আর দেশ ধ্বংসের কাজ করবেন তা হলে আপনার সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না। গণভোটকে যদি অবৈধ বলেন, তাহলে তারেক রহমানও অবৈধ প্রধানমন্ত্রী। সাবেক রাষ্ট্রপতি চুপ্পু ব্যাংক লুটপাট করেছে তার বিচার হতেই হবে।’
সারজিস বলেন, ‘বিএনপি নেতারা নতুন করে আলেমদেরকে ট্যাগিং শুরু করছে, যারা ট্যাগিং-ফ্রেমিং করবে তাদের প্রতিহত করা হবে।’
পথ সভায় এনসিপি নেতা নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, ‘সংস্কার ও গণভোট বাস্তবায়ন না করে তারেক রহমান দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন।’
তিনি বলেন, ‘সংস্কার এবং খুনিদের বিচার বাস্তবায়ন না করলে তারেক রহমানকে উৎখাত করা হবে।’ পাটওয়ারী বলেন, ‘এখানকার সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর চোখ তুলে ফেলার হুমকি দিয়েছে বিএনপি। আমরা মুহাম্মদুল্লাহর সঙ্গে আছি। তাদের জবাব দেয়া হবে।’
পথসভার আগে তারাকান্দা উপজেলা সদরে পদযাত্রায় অংশ নেন সারজিস আলম ও নাসির উদ্দীন পাটোয়ারী। সমাবেশে আরও বক্তব্য রাখেন, এনসিপি নেতা আতিক মুজাহিদ এমপি, জেলা এনসিপির আহবায়ক অ্যাডভোকেট এটিএম মাহবুবুল আলম ও সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর এনসিপির সদস্য সচিব ইকরাম এলাহী খান সাজ, জেলা যুবশক্তির আহবায়ক ফয়সাল ফারনিম, জেলা ছাত্রশক্তির আহবায়ক আলী হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আল আমিন সরকার প্রমুখ।





