শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা দেখছে না সরকার: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমা
দেশে এখন
0

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) নিয়ে কোনো আইনি জটিলতা দেখছে না সরকার। তিনি নিজেই বাংলাদেশে ফিরতে আগ্রহী হলে প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইনি বাধার প্রশ্ন থাকার কথা নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘শেখ হাসিনা একজন দণ্ডিত আসামি। তাকে ফেরাতে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সে চুক্তি অনুযায়ী ভারত সরকারের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে।’

শেখ হাসিনা পাসপোর্টের জন্য এখনো কোনো আবেদন করেননি জানিয়ে উপদেষ্টা বলেন, ‘দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার এর আগে জানিয়েছেন, একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি।’

শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়ার আইনি জটিলতা নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘ভারতে একটা ব্রিফিং হয়, আপনারা জানেন। সেখানে শেখ হাসিনার এক্সট্রাডিশন নিয়ে কথা বলা হয়েছিল। তো একাধিকবার সেখান থেকে বলা হয়েছে, এটার সঙ্গে লিগ্যাল ইস্যুজ আছে। তার মানে ব্যাপারটা এই রকম আমরা উনাকে এক্সট্রাডাইট করতে চাই, উনাকে ধরে আনতে চাই।’

তিনি বলেন, ‘উনি এতো মানুষ খুন করেছেন, কথাটা কিন্তু এই রকম না। আমি রিপিট করি, উনি এতো মানুষ খুন করেছেন, করিয়েছেন, কথাটা এই রকম না। একশ খুন, পাঁচশ খুন এক জিনিস। আর ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি আরেক জিনিস। দুটো দুই জিনিস। এই দুইটার ডিফারেন্স আমি আশা করি আমাদের জনগণ বোঝেন। উনি সেই অপরাধে অপরাধী।’

জাহেদ উর রহমান বলেন, ‘প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি বিষয় থাকলে সেটি আদালতে যাওয়ার পর প্রক্রিয়া চলতে পারে।’ কিন্তু শেখ হাসিনা নিজেই বাংলাদেশে ফিরতে চাইলে সেই আইনি প্রক্রিয়ার জটিলতা থাকার কথা নয় বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ‘উনি তো নিজেই আসতে চান। তার মানে উনার তো কোর্টে যাওয়ার দরকার নেই। উনি বললেন, আমাকে এক্সট্রাডাইট করে দাও। উনার তো এসেই এটা ফেস করার কথা ছিল। সো, এক্সট্রাডিশন নিয়ে যে আইনি প্রসেসের কথা বলা হয়েছে, যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না।’

সংবিধানের ৪৭ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের মৌলিক অধিকারের বিষয়ে সংবিধানে বিশেষ বিধান রয়েছে। আমাদের ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটিতে যারা অভিযুক্ত আছেন, তাদের জন্য অনেক ফান্ডামেন্টাল রাইটস কার্যকর থাকবে না। সেটা আছে।’

তিনি আরও বলেন, আমাদের সরকার মনে করেন, ‘কনভিক্টেড আসামিকে আমরা এক্সট্রাডাইট করব। ভারত সরকারকে আমাদের এটা করতে দিতে হবে এবং ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা না। কারণ যাকে এক্সট্রাডাইট করার কথা, তিনিই আসতে চান। সো, লিগ্যাল কোনো ইস্যু আছে বলে আমরা আসলে এখন আর মনে করি না।’

এএইচ