চুক্তির ফাঁদে চট্টগ্রাম মেডিকেল; রোগী ভোগান্তির সঙ্গে রাজস্ব হারাচ্ছে সরকার

চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতাল
স্বাস্থ্য
এখন জনপদে
0

চুক্তির মারপ্যাঁচে ডায়ালাইসিসে বেশি টাকা খরচের পাশাপাশি রাজস্ব আয়ে লোকসান হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের। অথচ সরকারি হাসপাতালের চেয়ে কম খরচে সেবা দিচ্ছে বেসরকারি অনেক হাসপাতাল। এ অবস্থায় বিদেশি প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি নবায়ন না করে সরকারিভাবেই চট্টগ্রাম মেডিকেলের কিডনি বিভাগকে আধুনিকায়ন করতে চায় কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম, সেবা প্রাপ্তিতে হয়রানিসহ বিভিন্ন সমস্যার সমাধান জরুরি বলে মনে করছে বিশেষজ্ঞরা।

কিডনি ডায়ালাইসিসে পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ এর আওতায় ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডোর’র সঙ্গে ২০১৬ সালে চুক্তি করে সরকার। চুক্তির আওতায় চট্টগ্রাম মেডিকেলে ৩১ শয্যার ডায়ালাইসিস সেন্টার পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।

শুরুতে প্রতি সেশন ২ হাজার ১৯০ টাকায় সেবা পেলেও প্রতি বছর ৫ শতাংশ বেড়ে সেটা এখন ৩ হাজার ৩৯৭ টাকা। যার মধ্যে সরকার দেয় ২ হাজার ৭৭৬ টাকা আর রোগী দেন ৬২১ টাকা। অথচ এর চাইতে কম খরচে সেবা দিচ্ছে বেসরকারি কিছু হাসপাতাল।

সে হিসেবে সরকারি বিদ্যুৎ ও অবকাঠামো সুবিধা ব্যবহার করায় বিল আরও কম হওয়ার কথা। যেখানে এর বিপরীতে বাড়তি টাকা গুনতে হচ্ছে রোগী ও সরকারকে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, ‘পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, অক্সিজেন বিল ও ঘরভাড়া কোনো বিলই তাদের দিতে হচ্ছে না। এদিক দিয়ে তারা বেনিফিটেড। আমি যদি এসব সুযোগ সুবিধা এখানে যোগ করি তাহলে কিন্তু তারা আরও বেশি টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। ওদের এগুলো পে করতে হচ্ছে না।’

বৃহত্তর চট্টগ্রামের এ হাসপাতালটির রয়েছে নিজস্ব কিডনি বিভাগ। সেখানে ডায়ালাইসিসে প্রতি সেশনে রোগীর খরচ ৪১৬ টাকা। এমন অবস্থায় এ বিভাগকে আধুনিকায়ন করে সরকারিভাবে সেবা চালুর পক্ষে চিকিৎসকরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল কাদের বলেন, ‘আরও অনেক রোগী সরকারিভাবে ডায়ালাইসিস পাবে। রোগীরা সেবা পাবে এবং তাদের সার্ভিসও বাড়বে। কারণ ইমার্জেন্সিতে কিছু হলে আমাদের এখানে পাঠিয়ে দেয়।’

খরচের বিষয়ে আপত্তি ওঠায় নতুন চুক্তি হলে খরচ কমানোর প্রস্তাব দিয়েছে স্যান্ডোর। এছাড়াও গত ১০ বছরে খরচ বৃদ্ধি ও প্রতিষ্ঠানটির পরিচালনা চুক্তি অনুযায়ী হয়েছে বলে দাবি তাদের।

স্যান্ডোরের অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ জিকু চৌধুরী বলেন, ‘২০১৬ সালে শুরু হওয়ার পর থেকে ৫ শতাংশ করে বাড়ানো হয়েছে। তখন ৪২০ টাকা ছিল পরে পর্যায়ক্রমে ৫ শতাংশ করে বেড়েছে। এটা চুক্তিতে যেমন ছিল সেভাবেই বেড়েছে।’

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি বাতিলের আগে সরকারকে নিজস্ব ডায়ালাইসিস ব্যবস্থা চালু এবং সরকারি হাসপাতালে ভোগান্তি ও অনিয়ম দূর করতে হবে।

চট্টগ্রাম জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব সুশান্ত বড়ুয়া বলেন, ‘কিডনি ডায়ালাইসিসের ‍সুবিধা মেডিকেল কলেজগুলোতে বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজে চালু রাখা হয়। যেকোনো রোগী যেন এ সেবা পায় সেজন্য সেভাবে এটির ব্যয় বা খরচ নির্ধারণ করতে হবে।’

চমেক কর্তৃপক্ষ জানিয়েছে, চুক্তি বাতিল করে হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় আলাদা ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ নেয়া হয়েছে। যেখানে এখনের মতো ৩১টি মেশিন থাকবে। যার জন্য ৬ মাস সময় প্রয়োজন। আপাতত ৬ মাসের জন্য স্যান্ডোরের সাথে চুক্তি নবায়নে এগোতে চায় সরকার।

এএইচ