প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া
প্রধানমন্ত্রী তারেক রহমান জন্য  আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
এখন জনপদে
1

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ৭৮০ কেজি আনারস উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। আজ (বুধবার, ২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের আনারস পাঠানো হয়।

১০০টি কার্টনে করে আসা আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস। তার কাছে আনারসগুলো হস্তান্তর করেন ত্রিপুরা রাজ্য সরকারের হর্টিকালচার বিভাগ।

এর আগে গত ১ জুলাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের জন্য উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি আম পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান।

ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। বন্ধুত্ব ও মৈত্রীর এ সম্পর্কে যেন এগিয়ে যায় এবং বাণিজ্যিক সম্পর্ক যেন আরও মজবুত হয়, সেজন্য ত্রিপুরার কিউ জাতের আনারস মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে।

এ সময় স্থলবন্দরে ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ডাইরেক্টর ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেআর