হবিগঞ্জে যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশি বাধায় এনসিপি

হবিগঞ্জ
শ্রীমঙ্গলে পুলিশি বাধায় এনসিপি
এখন জনপদে
0

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ (বুধবার, ২৯ জুলাই) বিকেল ৫টার দিকে প্রায় এক ঘণ্টার বাগ্‌বিতণ্ডার পর তারা যাত্রা শুরু করেন। হবিগঞ্জে পৌঁছে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তাদের।

এর আগে, বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গলের চা–কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। গাড়িবহরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপির অভিযোগ, হবিগঞ্জে যাওয়ার পথে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। এ কারণে নেতাকর্মীরা ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। পরে ব্যারিকেড অতিক্রম করে তারা হবিগঞ্জের উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন:

এর আগে, দুপুর তিনটায় হবিগঞ্জ শহরে সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই সময়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করে জেলা ছাত্রদল। এ পরিস্থিতিতে সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।

১৪৪ ধারা কার্যকর থাকা সত্ত্বেও এনসিপির নেতারা হবিগঞ্জে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন এবং শ্রীমঙ্গল থেকে যাত্রা অব্যাহত রাখেন।

এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসএস