গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আগুনে পুড়ে যাওয়া বাস
এখন জনপদে
0

গাজীপুরের কালিয়াকৈরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ (শুক্রবার, ৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জেলার পুরাতন ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কালিয়াকৈর স্টেশনে এলাকায় পৌঁছনোর পর সড়কের পাশে পার্কিং করা ছিল। এসময় গাড়ির ভেতর থেকে হঠাৎ ধোঁয়া উড়তে শুরু করে।

আশপাশের লোকজন ও অন্যান্য গাড়ির চালকরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বাসটি পুরোপুরি পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এএইচ