স্বৈরাচারের উসকানি প্রতিহত করতে প্রস্তুত জনগণ: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন
এখন জনপদে
1

ভারতে আশ্রয় নিয়ে পলায়নকৃত স্বৈরাচার উসকানিমূলক বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, স্বৈরাচারী কায়দায় কেউ দেশে আসার চেষ্টা করলে কিংবা মানুষকে উসকানি দিলে তা প্রতিহত করা সাধারণ মানুষের দায়িত্ব।

আজ (রোববার, ৯ আগস্ট) বিকেল ৩টায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ফোরলেন সড়কের কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘পলায়নকৃত স্বৈরাচার ভারতে আশ্রয় নিয়ে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে, আর সে দেশের সরকার বলছে এতে তাদের কোনো সহযোগিতা নেই।’

তিনি বলেন, স্বৈরাচারী কায়দায় যে-ই দেশে আসার চেষ্টা করবে কিংবা মানুষকে উসকানি দেবে, তাদের প্রতিহত করা সাধারণ মানুষের দায়িত্ব। এ ধরনের উস্কানিমূলক কার্যক্রম কেউ চালালে তা প্রতিহত করতে জনগণ প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হিলি স্থলবন্দর প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, বন্দর এলাকার বাণিজ্য সম্প্রসারণে সরকার নানা উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে থাকা সড়কের কাজ শেষ হলে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও বাড়বে।

তিনি আরও বলেন, হিলি রেলস্টেশনের কার্যক্রমও আরও ব্যাপক করা হবে। এর মাধ্যমে পণ্য ওঠানামাসহ সংশ্লিষ্ট কার্যক্রম আরও সুন্দর ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। সব উন্নয়ন কর্মকাণ্ডে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতারা।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা ব্যয়ে হিলি স্থলবন্দরের সোয়া দুই কিলোমিটার ফোরলেন সড়কের কাজ শুরু হয়েছিল। তবে ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। বর্তমান সরকার আমলে জটিলতা নিরসনের পর রোববার থেকে ফের সড়কটির নির্মাণকাজ শুরু হলো।

জেআর