গতকাল (মঙ্গলবার, ১১ আগস্ট) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানের পর বাড়িটি ঘিরে রেখে নিরাপত্তা জোরদার করে পুলিশ।
উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃত বিস্ফোরক কি না, তা পরীক্ষা করতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়।
আরও পড়ুন:
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে শ্যামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে আরিফ হোসেনকে আটক করা হয়েছে। বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি বোমাসদৃশ বস্তু, ককটেল ও হাতবোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।’
গোয়েন্দা সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, আরিফ হোসেনকে কিশোরগঞ্জ থেকে অনুসরণ করা হচ্ছিল। পরে সাভারের ওই বাড়িতে তার অবস্থানের তথ্য পাওয়া যায়। সেখানে বিস্ফোরক দিয়ে বোমা তৈরির মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা চলছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বাড়িটি ঘিরে রেখে অভিযান ও তল্লাশি চালায়।





