ভুয়া প্রতিষ্ঠানের আড়ালে এনভিডিয়ার চিপ চীনে পাচার করেন লি মিং

২০২৩ সালে সাংহাইয়ের একটি এআই সরঞ্জাম প্রতিষ্ঠানে লি মিং
বিদেশে এখন
0

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে সম্প্রতি পদত্যাগ করেছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এরপর থেকেই চীনের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সন্দেহভাজন চিপ চোরাচালান বিতর্কের কেন্দ্রে রয়েছেন অ্যালিস। তবে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ এনভিডিয়া এআই চিপ চীনে পাচারের এই পুরো ঘটনায় পর্দার আড়ালের মূল হোতা হিসেবে ৫২ বছর বয়সী চীনা নাগরিক লি মিংয়ের নাম সামনে এসেছে।

যুক্তরাষ্ট্র অ্যালিস হুয়াংকে চীনা গুপ্তচর হিসেবে সন্দেহ করলেও বেইজিং তা নাকচ করে দিয়েছে। অ্যালিসের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের জের ধরে এনভিডিয়া থেকে জেনসেনকে বিদায় নিতে হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির চিপ বিক্রির চুক্তি, মেগাস্পিড এবং সংশ্লিষ্ট অন্যান্য যোগসূত্র নিয়ে একাধিক তদন্ত শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বর্তমানে সিঙ্গাপুরে জামিনে থাকা চীনা নাগরিক লি মিং মূলত কয়েকটি প্রতিষ্ঠানের একটি নেটওয়ার্কের প্রধান পরিচালনাকারী ছিলেন, যারা নিষেধাজ্ঞার আওতায় থাকা এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ চীনে পাচার করত। এসব প্রতিষ্ঠানের মধ্যে মেগাস্পিড অন্যতম, যেখানে অ্যালিস হুয়াং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মেগাস্পিডের কর্মকাণ্ড ও বড় সিদ্ধান্তগুলোর সঙ্গে লি মিং ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। পাশাপাশি এনভিডিয়ার চিপ কেনাবেচায় যুক্ত অন্য প্রতিষ্ঠানগুলোতেও তিনি মূল ভূমিকা পালন করেন। লি মিংয়ের মতো নতুন যোগসূত্র সামনে আসায় স্পষ্ট হয়েছে যে এআই প্রতিযোগিতায় চীনকে এগিয়ে নিতে চিপ পাচারের এই তৎপরতা কেবল মেগাস্পিডের মধ্যেই সীমাবদ্ধ ছিল না।

প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার চিপ অন্য দেশে স্থানান্তরের অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরে লি মিংসহ কয়েকজনের বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়। সিঙ্গাপুরের কৌঁসুলিদের অভিযোগ, লি মিং নিজের স্থানীয় প্রতিষ্ঠান লাক্সারিয়েট ইয়োর লাইফের কথা বলে এনভিডিয়ার চিপযুক্ত কম্পিউটার সার্ভার কিনেছিলেন। কিন্তু বাস্তবে তিনি সার্ভারগুলো মালয়েশিয়ায় পাঠান এবং সেখান থেকে পরে অজ্ঞাত তৃতীয় কোনো স্থানে সরিয়ে নেয়া হয়।

সিঙ্গাপুরে অভিযোগ গঠনের আগে থেকেই লি মিং কয়েক বছর ধরে অ্যালিস হুয়াং ও তার স্বামী কাং ওয়েইয়ের সঙ্গে কাজ করছিলেন। চীনের করপোরেট নথির বরাতে প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে অ্যালিস ও তার স্বামী সেঞ্চুরি লংটেং নামে একটি ক্লাউড-কম্পিউটিং যৌথ উদ্যোগ গড়ে তোলেন। দুই বছর পর ২০২৩ সালের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ছবিতে সাংহাইয়ের একটি এআই সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় লি মিংকে সেঞ্চুরি লংটেংয়ের প্রধান কৌশল কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়।

সে সময় জো বাইডেন প্রশাসন চীনের কাছে এনভিডিয়ার সেমিকন্ডাক্টর বিক্রিতে কড়াকড়ি আরোপ করেছিল। চীনা ভোক্তাদের কাছে উন্নত কম্পিউটিং সক্ষমতা পৌঁছে দিতে লি মিং, অ্যালিস হুয়াং ও কাং ওয়েই দক্ষিণ-পূর্ব এশিয়ায় অংশীদার তৈরি শুরু করেন। তারা একটি চীনা ভিডিও গেম প্রতিষ্ঠানের সিঙ্গাপুর শাখা কিনে সেটির নাম দেন মেগাস্পিড এবং অ্যালিস হুয়াংকে পরিচালক হিসেবে তালিকাভুক্ত করা হয়। এরপর মেগাস্পিড এনভিডিয়াকে জানায় যে চীনের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা তাদের প্রধান গ্রাহক। এর সুবাদে ২০২৩ সালের নভেম্বরে এনভিডিয়ার ক্লাউড পার্টনার কর্মসূচির সদস্য হয়ে অত্যাধুনিক চিপ কেনার অগ্রাধিকার পায় মেগাস্পিড।

মেগাস্পিড মালয়েশিয়ায় সার্ভার এনে আলিবাবাকে অফশোর কম্পিউটিং সেবা দিত। তবে মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে এসব সার্ভারের কিছু অংশ সাংহাইয়ের সেঞ্চুরি লিতং নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানেও পাঠানো হয়। ২০২৪ সাল পর্যন্ত সেঞ্চুরি লিতংয়ের অন্যতম প্রধান শেয়ারহোল্ডার ছিল অ্যালিস ও কাং ওয়েইয়ের প্রতিষ্ঠান সেঞ্চুরি লংটেং।

একদিকে অ্যালিস হুয়াং যখন এনভিডিয়ার উন্নত চিপ পেতে জেনসেন হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান, অন্যদিকে তার স্বামী কাং ওয়েই তখন সরকারি সহায়তায় চীনজুড়ে ডেটা সেন্টারের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলছিলেন। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সেঞ্চুরি লংটেংকে কেন্দ্র করে কাংয়ের নেটওয়ার্কে সরকারি সহায়তায় প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ৯০০ কোটি ডলারের বেশি।

২০২৪ সালে সম্ভাব্য রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত শুরু করে মার্কিন বাণিজ্য ও বিচার দপ্তর। ২০২৫ সালের মে মাসে এনভিডিয়ার কাছ থেকে মেগাস্পিডের কাছে প্রত্যক্ষ বা পরোক্ষ চিপ বিক্রির নথি চাওয়া হয় এবং জুনে মেগাস্পিডকে নিজেদের অভ্যন্তরীণ ‘বিক্রয় নিষিদ্ধ’ তালিকায় ফেলে এনভিডিয়া। অন্যদিকে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সার্ভার কেনায় মিথ্যা ঘোষণা দেয়ার সন্দেহে মেগাস্পিড ও এর কয়েকজন জ্যেষ্ঠ নির্বাহীর বিরুদ্ধে তদন্ত শুরু করে সিঙ্গাপুর। সেখানে ফৌজদারি অপরাধের পর্যাপ্ত প্রমাণ না মিললেও অ্যালিস হুয়াংকে কঠোরভাবে সতর্ক করা হয় এবং সিঙ্গাপুরে তার পুনরায় প্রবেশ নিষিদ্ধ করা হয়।

মেগাস্পিড চিপ চোরাচালানের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, অ্যালিস হুয়াং ২০২৫ সালের আগস্টে প্রতিষ্ঠানটি ছেড়ে গেছেন এবং তারা বৈধভাবে ব্যবসা পরিচালনা করে। অন্যদিকে শেয়ারবাজারে কারসাজির সন্দেহে তদন্তের অংশ হিসেবে চলতি বছরের শুরুতে সাংহাইয়ে আটক হন অ্যালিসের স্বামী কাং ওয়েই।

কথিত চীনা গুপ্তচর অ্যালিস হুয়াং এবং প্রতিষ্ঠানের এক অভ্যন্তরীণ কর্মীর সঙ্গে সম্পর্কের জেরে গত ১২ নভেম্বর এনভিডিয়ার প্রেসিডেন্ট, সিইও ও বোর্ড সদস্যের পদ থেকে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেন জেনসেন হুয়াং। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটিতে তার ৩৩ বছরের দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটে। এনভিডিয়ার পরিচালনা পর্ষদ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন সিইও নিয়োগ দিয়েছে। স্থায়ী কাউকে নিয়োগ না দেয়া পর্যন্ত তিনি আগের দায়িত্বের পাশাপাশি এই দায়িত্ব পালন করবেন।

অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের সম্পর্ক নিয়ে অভ্যন্তরীণ তদন্তও শুরু করেছে এনভিডিয়ার পর্ষদ। যদিও এর মাধ্যমে জাতীয় নিরাপত্তা বা প্রতিষ্ঠানের গোপন তথ্য ফাঁস হয়নি বলেই পর্ষদ মনে করছে। ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট ও চীনবিষয়ক প্যানেলের চেয়ারম্যান জন মুলেনারের সমন জারির হুমকির মুখে আগামী ১ ডিসেম্বর মার্কিন কংগ্রেসের গোয়েন্দা, পররাষ্ট্র ও চীনবিষয়ক কমিটির যৌথ বৈঠকে উপস্থিত হয়ে সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে ব্যাখ্যা দিতে রাজি হয়েছেন জেনসেন হুয়াং।


এএম