শেরপুরে নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই বন্ধুর মরদেহ উদ্ধার

মরদেহের প্রতীকী
এখন জনপদে
0

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর রোহান (৭) ও ইসমাইল (৮) নামে দুই বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (সোমবার, ২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, দুই বন্ধু সাঁতার না জানলেও মাঝেমধ্যে স্থানীয় পুকুর ও জলাশয়ে মাছ ধরতে নামত। প্রতিদিনের মত গত গতকাল (রোববার, ২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে বের হয় দুই বন্ধু রোহান ও ইসমাইল। এরপর দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে সোমবার ভোরে নালিতাবাড়ী উপজেলার মধ্য নাকশী এলাকার বড় পুকুরে দুই জনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং পুলিশে খবর দেয়।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান দুই বন্ধুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ