নিজেদের ইতিহাসে অন্যতম ব্যস্ত এক বছর পার করেছে বাংলাদেশের ফুটবল। এশিয়ান কাপ বাছাই, আসিয়ান কাপ, সাফের পাশাপাশি প্রথমবারের মতো ইউরোপে গিয়ে ফিফা প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন হামজা-জামালরা।
ব্যস্ততার এই রেশ ২০২৭ সালেও ধরে রাখতে চায় বাফুফে। বছর শেষের এক মাস বাকি থাকলেও এখন থেকেই পরিকল্পনা শুরু করেছে ন্যাশনাল টিমস কমিটি। পছন্দের তালিকায় এবারে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে পিছিয়েই রাখছেন বাফুফের কর্তাব্যক্তিরা। এমনকি ইউরোপের তিনটি দেশও আছে আলোচনার টেবিলে। কবে, কখন, কেমন হবে সূচি? এখন টিভিকে উত্তর দিয়েছেন সহ-সভাপতি ফাহাদ করিম।
তিনি বলেন, ‘মার্চে আমাদের ফার্স্ট উইন্ডো। মার্চের জন্য এরই মধ্যে আমাদের বেশ কিছু দেশের সঙ্গে কথা চলছে। আমরা এখানে ঢাকাতেও কিছু করার আশা করছি, দেখা যাক। সাউথ এশিয়ার নয়, এর বাইরের দেশ, এটা নিশ্চিত। কিছু ইউরোপিয়ান দেশের সঙ্গে আমাদের কথা চলছে। তাই যেকোনো একটা উইন্ডোতে সামার পিরিয়ডে অবশ্যই আমরা ইরোপিয়ান দলের সঙ্গে খেলবো। আমরা অনেক দূর কথা এগিয়েছি।’
আরও পড়ুন:
তবে এসবের বাইরেও আকর্ষণীয় সূচি আছে পাকিস্তানকে নিয়ে। নতুন মৌসুম শুরুর আগে বিশেষ পরিকল্পনা আছে বাফুফের।
বাফুফে সহ-সভাপতি বলেন, ‘জুনে আমরা চিন্তা করছি, ইউরোপ অথবা উত্তর আমেরিকায় একটা খেলা আয়োজন করার জন্য, খুব সম্ভবত পাকিস্তানের সঙ্গে। আমরা চেষ্টা করছি, উইন্ডোর শেষের দিকে কিংবা উইন্ডোর বাইরে। আমরা চেষ্টা করছি এটা, এখনও প্রাথমিক পর্যায়ে আছে এটা।’
চলতি বছর একাধিক বংশোদ্ভুত ফুটবলারের অভিষেক ঘটেছে বাংলাদেশের জার্সিতে। অনেকেই এক ম্যাচ পর আবার হারিয়ে গিয়েছেন কোচের গুডবুক থেকে। ফাহাদ করিম জানালেন, কোচ থমাস ডুলির টেবিলে এখন আছে একাধিক ফুটবলারের তথ্য। চূড়ান্ত সিদ্ধান্তও আসবে তার কাছ থেকেই।
ফাহাদ করিম বলেন, ‘অনেক বায়োডাটা এখন আছে, রেজুমে আছে হেডকোচের কাছে। আমার মনে হয় সাফের পর হয়তো উনি এগুলো দেখবেন। এখন তো সব ফোকাস সাফ নিয়েই। কয়েকজন তো এ বছর কনফার্ম করেও আসতে পারেনি তাদের কলেজ প্রোগ্রামের কারণে। আশা করছি, মার্চ উইন্ডোতে কমপক্ষে ২-৩ জন আসবে।’
সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে বড় আসর না থাকলেও দেশের ফুটবলে আরেকটা ব্যস্ত সময় পার হতে দেখবেন ফুটবল ভক্তরা।




