ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন: ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক
এখন জনপদে
0

রাঙামাটি ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেছেন, ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন। ইউপিডিএফকে দমন করার জন্য সেনাবাহিনীর প্রয়োজন পড়বে না। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি স্টেডিয়ামে আয়োজিত চ্যাম্পিয়নস লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘মাইকেল চাকমা সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের মুখপাত্র। তার কাছে প্রশ্ন রাখতে চাই- সম্প্রতি পাহাড়ে ভারী বৃষ্টি ও ভূমিধসের ফলে সৃষ্ট দুর্যোগে আপনারা মানুষের পাশে দাঁড়াননি কেন? আপনারা তো প্রতি মাসে রাঙামাটি অঞ্চল থেকে ১৫ থেকে ২০ কোটি টাকা চাঁদাবাজি করেন। কোনো টাকাইতো জনগণের জন্য খরচ করেন না। সাধারণ মানুষই আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যেখানে পাঠানোর সেখানেই পাঠিয়ে দেবে।’

সাম্প্রতিক সময়ে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে এত সব কাজ কেন করে— এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘সেনাবাহিনী পার্বত্যাঞ্চলের মানুষকে ভালোবাসে, দেশকে ভালোবাসে। তাই পাহাড়ে স্বাস্থ্য সেবা, মানুষের আত্মকর্মসংস্থানসহ জীবনযাত্রার মানোন্নয়নের জন্য কাজ করছে।’

নাজমুল হক ইউপিডিএফকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা জনগণকে আর বিভ্রান্ত করবেন না। মানুষ এখন সব বুঝে কে কী করে। ইউপিডিএফকে দমন করার জন্য সেনাবাহিনীর প্রয়োজন পড়বে না। সাধারণ মানুষই আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যেখানে পাঠানোর সেখানেই পাঠিয়ে দেবে।’

আরও পড়ুন:

রাঙামাটি রিজিয়নের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করে। জেলার দশটি উপজেলা থেকে দশটি ফুটবল টিম এতে অংশ নিয়েছে। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেই এই আয়োজন বলছেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সালেহ আহম্মদ, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী ভুট্রোসহ সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় টাইব্রেকারে বরকল উপজেলা ফুটবল দল ৩-২ গোলে লংগদু উপজেলা ফুটবল দলকে হারিয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

এসএস