মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ; লিংক রোড অবরোধের চেষ্টা

নারায়ণগঞ্জ
পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে
এখন জনপদে
0

মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ (বুধবার, ৪ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় শ্রমিকরা সড়কে জড়ো হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের চেষ্টা করেন। এসময় পুলিশের বাধার মুখে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে কাঠেরপুল এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করা শ্রমিকরা একপর্যায়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নেয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের সড়ক অবরোধে বাধা দিলে বিক্ষোভকারীদের একাংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পুলিশ সুপার-৪ আল মাহমুদ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত শিবু মার্কেট এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের চেষ্টা করেন। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন:

এদিকে জেলার অন্যান্য শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েনি বলে জানিয়েছে প্রশাসন। জানান, নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চল, আদমজী ইপিজেড, সোনারগাঁ ও রূপগঞ্জের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে জেলার বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, এসআরবি, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

এসএস