পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার মানুষ উপকৃত হবে: এ্যানি

পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
এখন জনপদে
1

পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বে একেনেকে এ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হবে।

আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পানি সম্পদ মন্ত্রী কুষ্টিয়ায় পদ্মা ব্যারেজ প্রকল্পভুক্তন গড়াই অফটেক স্ট্রাকচার নির্মানের স্থান পরিদর্শন আসেন।

পানি সম্পদমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলে বর্ষায় নদী ভাঙন ও বন্যায় মানুষের বিপুল ক্ষতি হয়। আবার শুষ্ক মৌসুমে নদীতে লবনাক্ততা বেড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় উপকুল ভাগের জীববৈচিত্র। সবদিক বিবেচনায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে অন্তত ২৪টি জেলার মানুষ উপকৃত হবে।’

প্রকল্পের কাজ শেষ হতে সাত বছর লাগবে বলে জানান পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি পদ্মা থেকে গড়াই নদের উৎপত্তি স্থলে এ প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এসময় পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রকল্পের বিষয় তুলে ধরেন।

এসময় কর্মকর্তারা জানান, গড়াই নদের উৎসমুখে অফটেক চ্যানেলে জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হবে। এতে সারা বছর এখানে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। পাশাপাশি এ চ্যানেলের মাধ্যমে শুষ্ক মৌসুমে একটি নির্দিষ্ট পরিমাণ পানি গড়াই নদে প্রবাহিত হবে।

এছাড়া দৌলতপুরে পদ্মা নদী থেকে উৎপত্তি হওয়া হিসনা নদীও এ প্রকল্পের আওয়তায় রয়েছে।

এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. একেএম শাহাবুদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেআর